টি-টোয়েন্টিতেও জয়ের স্বপ্ন লিটনের

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে এনে দিয়েছে নতুন এক আত্মবিশ্বাসের জোয়ার। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ওয়ানডে

2026-06-17T03:12:46+00:00
2026-06-17T03:12:46+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলা
টি-টোয়েন্টিতেও জয়ের স্বপ্ন লিটনের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:১২ এএম   (ভিজিট : ৬)
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে এনে দিয়েছে নতুন এক আত্মবিশ্বাসের জোয়ার। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নেওয়ার পর এবার সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টিতে একই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগাররা। আর সেই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজজয়ী দলের বেশিরভাগ ক্রিকেটারই আছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। তাই ওয়ানডের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী লিটন।

তবে অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন, ওয়ানডের সাফল্য বাড়তি অনুপ্রেরণা দিলেও টি-টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ।


সংবাদ সম্মেলনে লিটন বলেন, শুধু সিরিজ জিতেছি না, তিন ম্যাচেই খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা বাড়তি পাওয়া। অবশ্যই সংস্করণ ভিন্ন, আমাদের দল ভিন্ন এবং ওদের দলও ভিন্ন। একটা ভালো দিক, আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে ক্রিকেট খেলেছে। সবার ওই (সিরিজ জয়ের) আত্মবিশ্বাস আছে। নির্দিষ্ট দিনে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।

২০২১ সালে মিরপুরের স্পিননির্ভর উইকেটে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার সেই পুরোনো কৌশলে ফিরতে চান না টাইগাররা। সাম্প্রতিক সময়ে দেশের মাঠে স্পোর্টিং উইকেটে ভালো ক্রিকেট খেলে সাফল্য পাওয়ায় এবারও একই ধরনের উইকেটে অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্য বাংলাদেশের।

তবে প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া হওয়ায় সতীর্থদের সতর্কও করেছেন লিটন। তার মতে, টি-টোয়েন্টি এমন একটি সংস্করণ যেখানে মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে যেতে পারে, ‘এই সংস্করণটাই কঠিন। সীমিত ওভারের সংস্করণের খেলায় যেকোনো দলই আক্রমণাত্মক মনোভাবে থাকে। আসলে যেকোনো দলই যখন ব্যাটিং-বোলিং করে, ওই মানসিকতা নিয়েই থাকে। অস্ট্রেলিয়া অবশ্যই বড় নাম। তারা তাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবে। অবশ্যই আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। 

এদিকে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা মূল পেসারদের ফিরিয়ে আনা হয়েছে অস্ট্রেলিয়া সিরিজে। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানাদের উপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণ এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেই মনে করছেন লিটন।

অভিজ্ঞ পেসারদের ফিরে পাওয়া যে দলের শক্তি আরও বাড়িয়ে দিয়েছে, সেটিও মনে করিয়ে দেন অধিনায়ক, আমি আগেও বলেছি, তাসকিন বড় নাম। তাদের যে অভিজ্ঞতা। সবশেষ সিরিজে তাদের (পেসারদের) বিশ্রামের কারণে খেলানো হয়নি। এই সিরিজে তারা এসেছে। পূর্ণ শক্তি নিয়ে আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য।

ওয়ানডে সিরিজের ঐতিহাসিক সাফল্য এখন অতীত। সামনে নতুন সংস্করণ, নতুন পরীক্ষা। তবে আত্মবিশ্বাস, ফর্ম এবং শক্তিশালী পেস আক্রমণ নিয়ে বাংলাদেশের লক্ষ্য একটাই, স্পোর্টিং উইকেটেও অস্ট্রেলিয়াকে হারিয়ে সাদা বলের আরেকটি স্মরণীয় অধ্যায় রচনা করা।

/এসএকে


  বিষয়:   টি-টোয়েন্টি  জয়  স্বপ্ন  লিটন  ক্রিকেট  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: