নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশে থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে স্বজনরা অভিযোগ করছেন।
নেয়ামুলের ভাই মিজানুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। সেই মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন মিজানুর।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
/মহু