ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দারুণ এক বার্তা দিয়ে। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের চেয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অধিনায়ক হ্যারি কেইন। জোড়া গোল করে দলকে জেতানোর পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে একটি অনন্য রেকর্ড নিজের নামে লিখিয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার।
বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত ম্যাচে প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। শুরুতে নেওয়া শটটি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও নিয়ম ভঙ্গের কারণে পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ পান কেইন। দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি।
এই গোলের মধ্য দিয়েই বিশ্বকাপের মূল পর্বে (টাইব্রেকার বাদে) পেনাল্টি থেকে নিজের পঞ্চম গোলটি করেন কেইন। এর ফলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে যান তিনি। পেছনে ফেলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি, পর্তুগালের ইউসেবিও, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ককে, যাদের প্রত্যেকের নামের পাশে ছিল চারটি করে পেনাল্টি গোল।
আরও পড়ুন
শুধু এখানেই থেমে থাকেননি কেইন। গোল করার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসেও নতুন একটি কীর্তি গড়েন তিনি। ডেভিড বেকহামের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন এই ফরোয়ার্ড। ২০১৮, ২০২২ ও ২০২৬- তিন আসরেই গোলের দেখা পেয়েছেন তিনি।
ম্যাচের ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ইংল্যান্ডের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম এবং বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডও গোলের খাতায় নাম লেখান। ক্রোয়েশিয়া দুইবার ম্যাচে সমতা ফিরিয়ে আনলেও ইংল্যান্ডের আক্রমণাত্মক ফুটবলের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি।
এই জয়ে শুধু তিন পয়েন্টই পায়নি ইংল্যান্ড, মিলেছে পুরোনো এক ক্ষতের প্রলেপও। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের স্মৃতি এখনও তাজা ছিল ইংলিশদের কাছে। নতুন আসরের প্রথম ম্যাচেই সেই প্রতিপক্ষকে হারিয়ে এক ধরনের প্রতিশোধও নেওয়া হয়ে গেল।