ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলায় এক ভয়াবহ ঘটনায় এক বিজেপি নেতাসহ তিনজনকে গাড়ির ভেতরে আটকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে সোনহাট থানার অন্তর্গত নৌগাইন গ্রামে ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং, যিনি স্থানীয়ভাবে লালা সিং নামে পরিচিত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, একটি পুরোনো বালু খনন (স্যান্ড মাইনিং) সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ করা হচ্ছে, ভারত সিং ও তার সহযোগীরা একটি ফরচুনার এসইউভিতে করে যাচ্ছিলেন, তখন কয়েকটি ট্রাক দিয়ে তাদের গাড়িটি ঘিরে ফেলা হয়। এরপর গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুনে পুড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং মোট নয়জনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে অভিযান চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় বালু উত্তোলন ও পরিবহন নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই পরিকল্পিত হামলা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ভারত সিং একসময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, পরে তিনি বিজেপিতে যোগ দেন। এলাকায় বালু ব্যবসা ও পরিবহন নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রভাবশালী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা চলছিল বলেও অভিযোগ রয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর কোরিয়া জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজনৈতিক মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। স্থানীয় বিধায়ক ও সাবেক বিধায়করা দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে এবং তদন্ত চলছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
সময়ের আলো/ইউএমএইচ