প্রথমার্ধের গোলখরা আর ম্যাড়মেড়ে ফুটবলের পর দ্বিতীয়ার্ধের শেষ ১৫ মিনিটে দেখা মিলল আসল রোমাঞ্চের। এক লাল কার্ডেই ওলটপালট হয়ে গেল বসনিয়া ও হার্জেগোভিনার রক্ষণ। সেই সুযোগে শেষ মুহূর্তের গোলবন্যায় বসনিয়াকে ৪–১ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড। এই বড় জয়ে ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘বি’ থেকে ৪ পয়েন্ট নিয়ে নকআউটের পথে ভালোভাবেই টিকে রইল সুইসরা।
প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সুইজারল্যান্ড। গ্রানিত জাকার শট, দান এনদোয়ের চেষ্টা এবং রেমো ফ্রয়লারের দূরপাল্লার শট থেকে তারা গোলের সুযোগ তৈরি করলেও বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল ও রক্ষণভাগের দৃঢ়তায় এগিয়ে যেতে পারেনি। অন্যদিকে বসনিয়াও এদিন জেকো ও আমর মেমিচের মাধ্যমে কয়েকটি সুযোগ তৈরি করলেও সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল তাদের হতাশ করেন। ফলে বিরতিতে স্কোর ছিল ০-০।
দ্বিতীয়ার্ধে ৭৪তম মিনিটে জোহান মানজাম্বি গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ৮০ মিনিটের পর বসনিয়া আরও চাপে পড়ে। ৭৯তম মিনিটে তারিক মুহারেমোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া।
সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে সুইজারল্যান্ড দ্রুত ব্যবধান বাড়ায়। ৮৪তম মিনিটে রুবেন ভার্গাস গোল করে স্কোরলাইন ২-০ করেন। এরপর ৮৯তম মিনিটে আবারও গোল করেন জোহান মানজাম্বি, নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।
অতিরিক্ত সময়ে বসনিয়ার এরমিন মাহমিক একটি গোল শোধ করেন। তবে শেষ মুহূর্তে পেনাল্টি পায় সুইজারল্যান্ড এবং ৯৭তম মিনিটে স্পট কিক থেকে গোল করে গ্রানিত জাকা। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।
সময়ের আলো/কেএইচও