দীর্ঘ এক দশকের বিরতির পর আবারও দর্শকদের সামনে ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’। আসন্ন তৃতীয় সিজনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, যিনি এবার শোটির সঞ্চালকের দায়িত্ব পালন করবেন।
এন্ডেমল শাইন ইন্ডিয়া ও বাণিজ্য এশিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বিগ বস বাংলা’ সিজন ৩। সম্প্রতি শোটির অফিসিয়াল প্রোমো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দর্শকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
শোটির আনুষ্ঠানিক ঘোষণায় সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বিগ বস’-এর মূল ফরম্যাট দৃঢ় ব্যক্তিত্ব, সাহসী মতামত এবং প্রাণবন্ত কথোপকথনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার মতে, এই বৈশিষ্ট্যগুলো বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
জানা গেছে, আগামী আগস্ট মাসে শুরু হবে ‘বিগ বস বাংলা’র নতুন সিজনের শুটিং। এর আগে জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করা হবে প্রতিযোগীদের তালিকা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। জনপ্রিয় এই রিয়েলিটি শো টানা ছয় মাস সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত, ‘বিগ বস বাংলা’ সিজন ৩-এর নতুন পর্বগুলো ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টারে প্রচারিত হবে।
সূত্র: আনন্দবাজার