স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিলে যাওয়া বগুড়ার দুটি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে বাদ দেওয়া হচ্ছে। জাতীয় সংসদে তীব্র সমালোচনা ও আপত্তির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্বে গঠিত ইউনিয়নগুলোর নাম সীমান্ত ও দিগন্ত রাখা হয়েছিল, যা প্রতিমন্ত্রীর ছেলেদের নামের সঙ্গে হুবহু মিলে যায়।
বৃহস্পতিবার (১৯ জুন) বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনঃগণশুনানি করা হবে।’
জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
এদিকে, গণমাধ্যমের প্রশ্নের উত্তরে ইউনিয়ন থেকে ছেলেদের নাম বাদ দেওয়ার বিষয়টি প্রতিমন্ত্রী নিজেও নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ওই দুইটা আমি সংশোধন করতেছি। দুটা বক্তব্য হচ্ছে— ইদানিং শিক্ষা প্রতিষ্ঠানেরও কথা হচ্ছে। আমার ১০টা শিক্ষা প্রতিষ্ঠান আমার নামে আছে। যেগুলো ১৯৯৭ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতিষ্ঠিত। এর বাইরে আমার নামে যাতে নতুন কেউ শিক্ষা প্রতিষ্ঠান না করে, সেই মর্মে আমি অলরেডি ১লা জুন সচিবকে ডিও (DO) লেটার দিয়েছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি গতকাল অলরেডি ডিসি সাহেবকে চিঠি দিয়ে বলেছি যে, কাকতালীয়ভাবে আমার দুই ছেলের নামের সঙ্গে যে ইউনিয়নের নাম মিলে গেছে, যেহেতু সমালোচনা হচ্ছে, বিধি মোতাবেক ওই দুটি নাম পরিবর্তন করে নতুন নামকরণের জন্য ওনাকে চিঠি দিয়েছি।
এ সময় বরাদ্দ নিয়ে একটা খবর ছড়িয়েছে, এটা নিয়ে আপনার কোনো ব্যাখ্যা থাকলে? এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বরাদ্দের ব্যাপারে ওই তথ্য সঠিক না। বরাদ্দের দিক থেকে বগুড়া জেলা ১৭তম স্থানে আছে, যেখানে সবচেয়ে বেশি বরাদ্দ কুমিল্লাতে, ৩৯০ কোটি টাকা। আমি চাচ্ছি যে এগুলো নিয়ে আর সমালোচনা না হোক; নাম দিয়ে আমি কী করব?’
উল্লেখ্য, ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নের নামকরণ হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।
সময়ের আলো/কেআই