যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা, ফিফার কাছে অভিযোগ করবে ইরান

খেলা

যুদ্ধের ক্ষত নিয়ে বিশ্বকাপ খেলছে ইরান। নিজ দেশের সর্বোচ্চ নেতা, একাধিক সামরিক কর্মকর্তা, নিষ্পাপ শতাধিক শিশু মৃত্যুর শোক নিয়েই শত্রু

2026-06-20T00:09:09+00:00
2026-06-20T00:09:09+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা, ফিফার কাছে অভিযোগ করবে ইরান
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:০৯ এএম 
প্রতীকী ছবি
যুদ্ধের ক্ষত নিয়ে বিশ্বকাপ খেলছে ইরান। নিজ দেশের সর্বোচ্চ নেতা, একাধিক সামরিক কর্মকর্তা, নিষ্পাপ শতাধিক শিশু মৃত্যুর শোক নিয়েই শত্রু দেশ আমেরিকার মাটিতে খেলতে গিয়েছে ইরান ফুটবল দল। কিন্তু সেখানেও নানা বৈষম্যের শিকার দলটি। এসব নিয়ে এবার ফিফার দরবারে গুরুতর অভিযোগ তুলেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে তারা তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে। সেখান থেকেই যুক্তরাষ্ট্রে বাকি তিনটি ম্যাচ খেলবে তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের কড়াকড়ির কারণে ম্যাচের আগের দিন গিয়ে ম্যাচ শেষেই চলে আসতে হয়েছে তাদের। নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ইরানের ড্র হওয়া উদ্বোধনী ম্যাচেই এমন ঘটনা ঘটেছে।

কিন্তু ইরান চাইছে, প্রত্যেক ম্যাচের দুই দিন আগে তারা আয়োজক শহরে পৌঁছাবে এবং ম্যাচের একদিন পর তারা বেস ক্যাম্পে ফিরবে। তাতে করে কৌশলগত ও শারীরিক প্রস্তুতি নেওয়া যেত। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তাদের সেই অনুরোধ নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র।

আগামী ২১ জুন লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় দুপুর ১২টায় বেলজিয়ামের বিপক্ষে ইরানের পরের ম্যাচ। শেষ ম্যাচ ২৭ জুন সিয়াটলে, প্রতিপক্ষ মিসর।দ্বিতীয় ম্যাচের আগেও ভ্রমণে একই ধরনের কড়াকড়ি থাকছে। তাদের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইরানের দ্বিতীয় ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার আগেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটেছে। যেহেতু লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় দুপুর ১২টায় খেলাটি হবে, তাই ইরান ফুটবল ফেডারেশন অনুরোধ করেছিল যেন দলকে ম্যাচের দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

তারা আরও বলেছে, এর উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের ম্যাচের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া, তাদের শেষ অনুশীলন সেশন সম্পন্ন করা এবং চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া। ফেডারেশনের পক্ষ থেকে এই সমস্ত টেকনিক্যাল বা কৌশলগত কারণ তুলে ধরা সত্ত্বেও তাদের সেই অনুরোধ আরও একবার প্রত্যাখ্যান করা হয়েছে। ফেডারেশন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করবে এবং ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবে।

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে প্রাথমিকভাবে শান্তি চুক্তিতে সই করলেও হোয়াইট হাউজ ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু জিউলিয়ানি বলেছেন, ইরানকে আগেই এমন পরিস্থিতির কথা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল।

সময়ের আলো/আতা


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ভ্রমণ  নিষেধাজ্ঞা  ফিফা  অভিযোগ  ইরান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: