দিল্লি সফর শেষে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় তার আগমনের আগে বিমানবন্দরের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লিতে ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষ করে কলকাতার উদ্দেশে রওনা দেন অভিষেক। তার বিমান অবতরণের আগেই বিমানবন্দরের আগমন টার্মিনালের সামনে দুই রাজনৈতিক দলের সমর্থকদের জমায়েত শুরু হয়।
বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, একদল বিজেপি সমর্থক সেখানে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, তাদের কাছে ডিম ছিল। অন্যদিকে অভিষেককে স্বাগত জানাতে বিপুলসংখ্যক তৃণমূল কর্মীসমর্থকও বিমানবন্দরে উপস্থিত হন। পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের অ্যারাইভাল গেটের সামনে কয়েক মিনিটের মধ্যেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। উভয় পক্ষের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নিলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সক্রিয় হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করে সংঘর্ষ থামানো হয় এবং বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন এলাকায় নজরদারি জোরদার করা হয়।
নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্ধারিত পথ ব্যবহার না করিয়ে বিকল্প এক্সিট গেট দিয়ে বের করে আনা হয়। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এএডি/