মানুষের মত চিন্তা করতে সক্ষম ‘এআই-ওয়ার্ম’

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার হুমকিও হয়ে উঠছে আরও জটিল ও বিপজ্জনক। সম্প্রতি কানাডার একদল বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এক

2026-06-20T19:27:27+00:00
2026-06-20T19:27:27+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রযুক্তি
মানুষের মত চিন্তা করতে সক্ষম ‘এআই-ওয়ার্ম’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:২৭ পিএম 
প্রতীকী ছবি
প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার হুমকিও হয়ে উঠছে আরও জটিল ও বিপজ্জনক। সম্প্রতি কানাডার একদল বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এক নতুন ধরনের ডিজিটাল ম্যালওয়্যার তৈরি করেছেন, যার নাম ‘এআই-ওয়ার্ম’। গবেষকদের দাবি, এই ম্যালওয়্যার মানুষের মতো নিজে চিন্তা করতে, পরিকল্পনা করতে এবং বাধা পেলে বিকল্প উপায় খুঁজে নিতে সক্ষম। গত জুনে পরিচালিত এক পরীক্ষায় এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।

সাধারণ ভাইরাস বনাম এআই-ওয়ার্ম

কম্পিউটার বা মোবাইল ভাইরাস মূলত ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়ে। ২০১৭ সালের ‘ওয়ানাক্রাই’ ভাইরাস মাত্র কয়েক দিনের মধ্যে লাখ লাখ কম্পিউটারে ছড়িয়ে পড়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে অচল করে দিয়েছিল। একই বছরে ‘নটপেটিয়া’ নামের আরেকটি ভাইরাস বিশ্বজুড়ে এক হাজার কোটি ডলারের বেশি ক্ষতির কারণ হয়।

তবে এসব পুরোনো ভাইরাস নির্দিষ্ট নিরাপত্তা ত্রুটির ওপর নির্ভরশীল ছিল। কোনো কম্পিউটার আপডেট হয়ে গেলে সেসব ভাইরাসের প্রবেশপথ বন্ধ হয়ে যেত। কিন্তু নতুন এআই-ওয়ার্ম কোনো নির্দিষ্ট দুর্বলতার ওপর নির্ভর করে না। এটি নিজস্ব বিশ্লেষণ ক্ষমতা ব্যবহার করে আক্রমণের পথ পরিবর্তন করতে পারে।

যেভাবে কাজ করে এআই-ওয়ার্ম

গবেষকদের তথ্য অনুযায়ী, এআই-ওয়ার্ম মূলত তিন ধাপে কাজ করে। প্রথম ধাপে এটি কোনো নেটওয়ার্ক বা ডিভাইসে প্রবেশ করার পর নীরবে পুরো পরিবেশ বিশ্লেষণ করে। ডিভাইসের ধরন, ব্যবহৃত অ্যাপ্লিকেশন এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে। দ্বিতীয় ধাপে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এটি স্বয়ংক্রিয়ভাবে আক্রমণের পরিকল্পনা তৈরি করে। কোন দিক দিয়ে প্রবেশ সহজ হবে, তা নিজেই নির্ধারণ করে। তৃতীয় ধাপে ডিভাইস দখলে নেওয়ার পর এটি নিজের একটি হুবহু কপি তৈরি করে। সেই কপিটি স্বাধীনভাবে অন্য ডিভাইসে আক্রমণ শুরু করতে পারে। কোনো আক্রমণ ব্যর্থ হলে এটি কারণ বিশ্লেষণ করে সঙ্গে সঙ্গে নতুন পদ্ধতিতে পুনরায় চেষ্টা চালায়।

গবেষণাগারের পরীক্ষায় উদ্বেগজনক ফল

কানাডার ভেক্টর ইনস্টিটিউটের অধ্যাপক নিকোলা প্যাপার্নোর তত্ত্বাবধানে একদল গবেষক লিনাক্স, উইন্ডোজ এবং আইওটি-এই তিন ধরনের মোট ৩৩টি ডিভাইস নিয়ে একটি কৃত্রিম নেটওয়ার্ক তৈরি করেন। সেখানে এআই-ওয়ার্মটি ছেড়ে দিয়ে সাত দিনের একটি পরীক্ষা চালানো হয়।


পরীক্ষার ফলাফলে দেখা যায়, এই ডিজিটাল ম্যালওয়্যার নেটওয়ার্কের ৭৪ শতাংশ দুর্বলতা নিজে থেকেই শনাক্ত করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে মাত্র এক সপ্তাহের মধ্যে ৬২ শতাংশ ডিভাইস সম্পূর্ণভাবে দখলে নিয়েছে।

গবেষণায় আরও দেখা যায়, ২০২৬ সালে আবিষ্কৃত নতুন তিনটি সিকিউরিটি ত্রুটিও এআই-ওয়ার্ম ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে নিজে নিজেই কাজে লাগাতে পেরেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি তৈরির সময় এসব নতুন ত্রুটি সম্পর্কে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি।

বাড়ছে বড় ধরনের উদ্বেগ

গবেষকদের মতে, এআই-ওয়ার্মের আরও দুটি বৈশিষ্ট্য বিশেষভাবে উদ্বেগের কারণ। প্রথমত, এটি কোনো শক্তিশালী কম্পিউটারে প্রবেশ করলে সেই কম্পিউটারের জিপিইউ বা গ্রাফিক্স কার্ডের ক্ষমতা ব্যবহার করে নিজের বিশ্লেষণ ক্ষমতা বাড়িয়ে নিতে পারে। দ্বিতীয়ত, এই এআই-ওয়ার্ম চালানোর জন্য চ্যাটজিপিটি বা ওপেনএআইয়ের মতো বড় প্রতিষ্ঠানের পেইড সার্ভিস প্রয়োজন হয় না। এটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স এআই মডেলের মাধ্যমে পরিচালিত হয়। ফলে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের নিরাপত্তা ফিল্টারও এটি প্রতিরোধে কার্যকর নয়।

প্রতিরোধে কী বলছেন গবেষকরা

গবেষকেরা জানিয়েছেন, এ সংক্রান্ত গবেষণাপত্রটি এখনো চূড়ান্ত বৈজ্ঞানিক পর্যালোচনার মধ্যে রয়েছে। একই সঙ্গে তারা ভাইরাসটির মূল কোডের গুরুত্বপূর্ণ অংশ গোপন রেখেছেন, যাতে তা অপব্যবহার করা না যায়।

ভবিষ্যতের এ ধরনের হুমকি মোকাবিলায় গবেষকদের পরামর্শ হলো ‘জিরো ট্রাস্ট’ নীতিতে কাজ করা। অর্থাৎ, ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি ডিভাইসকে নিয়মিত পাসওয়ার্ড ও পরিচয় যাচাইয়ের আওতায় রাখতে হবে। পাশাপাশি ডিজিটাল নেটওয়ার্ককে ছোট ছোট অংশে ভাগ করে সুরক্ষিত করতে হবে, যাতে একটি অংশ আক্রান্ত হলেও অন্য অংশে সহজে ছড়িয়ে পড়তে না পারে।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তার নতুন চ্যালেঞ্জও সামনে আসছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিবিদ, গবেষক এবং সাধারণ ব্যবহারকারীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   এআই-ওয়ার্ম  ম্যালওয়্যার  কৃত্রিম বুদ্ধিমত্তা 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: