আমেরিকার ফ্লোরিডায় ট্রাকচাপায় কবির হোসেন মৃধা (৫৫) নমে বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশের বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের বাসিন্দা।
শনিবার (২০ জুন) আমেরিকা সময় সকাল ৮টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরদিন রবিবার দুপুরে কবির হোসেনের নিকট আত্মীয় হেমায়েত হাওলাদার নিহতের স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে বলেন, ‘১৫ বছর পূর্বে ডিবি লটারিতে বিজয়ী হয়ে কবির হোসেন আমেরিকায় গিয়েছিলেন। তার স্ত্রী ও এক ছেলে সেখানেই বসবাস করেন।’
কবির হোসেন আমেরিকার ফ্লোরিডায় ব্যবসা করতেন। ঘটনার দিন সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন কবির হোসেন।
হেমায়েত হাওলাদার আরও বলেন, ‘কবির হোসেনের ইচ্ছানুযায়ী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এজন্য আমেরিকা থেকে তার লাশ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।’
সময়ের আলো/মহু