ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সৌরভ মন্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার (২১ জুন) সকালে ঝিনাইদহ সদর থানায় দুই দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সৌরভ মন্ডল পবহাটি এলাকার বাসিন্দা।
জানা যায়, ২০২৫ সালের ২৯ নভেম্বর শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদকে কুপিয়ে হত্যা করে সৌরভ ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী খাতুন বাদি হয়ে এগারো জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এই মামলার কয়েকজন আসামি গ্রেফতার হলেও পলাতক ছিল মূল হোতা সৌরভ মন্ডল। গত ১১ জুন সদর আদালতে আত্মসমর্পণ করে সৌরভ। তারপর ১৮ জুন পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে রোববার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার এস আই সাখাওয়াত হোসেন বলেন, ‘আসামি সৌরভ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে না। তবে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পরবর্তীতে তা যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
সময়ের আলো/মহু