ডিসি সারওয়ার প্রত্যাহার: সাদাপাথরে ইন, মাজারের দানবাক্সে আউট!

দিপু সিদ্দিকী, সিলেট

সারাদেশ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২১ জুন) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী

2026-06-21T19:48:14+00:00
2026-06-21T20:14:14+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
ডিসি সারওয়ার প্রত্যাহার: সাদাপাথরে ইন, মাজারের দানবাক্সে আউট!
দিপু সিদ্দিকী, সিলেট
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৭:৪৮ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৮:১৪ পিএম
ফাইল ছবি
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২১ জুন) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাঁকে সিলেটের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। আদেশে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ বা সিলেটের পরবর্তী জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা উল্লেখ নেই।

সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুটের ঘটনা নিয়ে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার মধ্যে ২০২৫ সালের ২১ আগস্ট সিলেটের ডিসি হিসেবে যোগদান করেছিলেন সারওয়ার আলম। যোগদানের ১০ মাস হতে না হতে আবারও হলো ডিসি পরিবর্তন। 

ভ্রাম্যমাণ আদালতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে আগে থেকেই পরিচিত মুখ ছিলেন তিনি। যার কারণে সিলেটবাসীর প্রত্যাশা ছিল পাথর লুট রোধ ও পর্যটন খাতে শৃঙ্খলা ফেরাতে তিনি কঠোর হবেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই ১০ মাসে পাথর-বালু লুটের চিত্র মোটেও বদলায়নি।

কোম্পানীগঞ্জ উপজেলায় ইজারাভুক্ত এলাকার বাইরে থেকে বালু উত্তোলন, ধলাই ও গোয়াইনঘাটের পিয়াইন নদসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ‘বোমা মেশিন’ বসিয়ে ব্যাপক এলাকা থেকে বালু লুট, জৈন্তাপুর ও কানাইঘাটেও বালু-পাথর লুটের ঘটনা ঘটলেও জেলা প্রশাসন কার্যত নীরব থেকেছে বলে স্থানীয় সূত্রের অভিযোগ। এমনসব অভিযোগে স্থানীয়রা একাধিকবার মানববন্ধন করেছেন, তবে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নজির দেখা যায়নি।


এমন প্রেক্ষাপটে গত কয়েক সপ্তাহে সারওয়ার আলমের সবচেয়ে আলোচিত উদ্যোগ ছিল সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারকে ঘিরে। গত ১২ জুন তিনি দুই মাজার পরিদর্শন করে দানবাক্সে তালা লাগানোর নির্দেশ দেন। 

শাহজালাল মাজারের মুতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বলেন, প্রশাসন আলোচনার জন্য পর্যাপ্ত সময় দেয়নি এবং মাজার কর্তৃপক্ষের বক্তব্য শুনতেও রাজি হয়নি, যদিও এ বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। 

এরপর বৃহস্পতিবার (১৮ জুন) মাজারের তিনটি ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করে প্রশাসনের নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়, যার নিরাপত্তায় বসানো হয় আনসার সদস্য। ওই রাতে একদল ভক্ত মাজার প্রাঙ্গণে জড়ো হয়ে এই উদ্যোগের প্রতিবাদে স্লোগান দেন এবং প্রায় সাতশ বছরের রেওয়াজ ভাঙার অভিযোগ তোলেন। 

সর্বশেষ শনিবার (২০ জুন) দানবাক্স পাহারায় সিসিটিভি ক্যামেরাও বসানো হয়। জেলা প্রশাসন এই পদক্ষেপকে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগ বলে দাবি করলেও মাজারভিত্তিক অংশীজনদের একাংশের মধ্যে এ নিয়ে অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে।


মাজার নিয়ে এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই রোববার সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ এলো। বিসিএস ২৭তম ব্যাচের এই প্রশাসন ক্যাডার কর্মকর্তা এর আগে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক পরিচিতি পান। 

তবে প্রত্যাহারের আদেশে কারণ স্পষ্ট না থাকায় বদলির নেপথ্যে পাথর-বালু লুট ঠেকাতে ব্যর্থতা, মাজার নিয়ে সাম্প্রতিক বিতর্ক, নাকি অন্য কোনো প্রশাসনিক কারণ কাজ করেছে তা নিয়ে সিলেটে চলছে নানা জল্পনা।

সময়ের আলো/আতা


  বিষয়:   ডিসি সারওয়ার  প্রত্যাহার  সাদাপাথর  মাজার  দানবাক্স  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: