খিচুড়ির সঙ্গে বৃষ্টির অঘোষিত সম্পর্ক রয়েছে যুগ যুগ ধরে। আকাশে মন ভার করা মেঘ দেখলেই অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এখনই খিচুড়ি রান্না করতে হবে। যেন এ খাবারটি না খেতে পারলে বৃষ্টি পুরোপুরি উপভোগ্য হয়ে ওঠে না। কিন্তু যারা পরিবার থেকে দূরে হোস্টেলে বা মেসে থাকেন, তাদের জন্য সবসময় এই ইচ্ছেটা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। মেসে সাধারণত খালারা নিয়মমাফিক রান্না করে থাকেন। আপনি যদি মেসে থাকেন আর আপনার খিচুড়ি খেতে ইচ্ছে হয়, তাহলে খালাদের কাছে আবদার করবেন কীভাবে?
সুন্দর ভাষায় অনুরোধ করুন
আদেশের সুরে না বলে আন্তরিকভাবে অনুরোধ করুন। বিনয় অনেক কঠিন কাজকেও সহজ, অসম্ভবকেও সম্ভব করে ফেলে। আপনি যদি সুন্দরভাবে আবদার করেন, খালা নিশ্চয়ই ফেলতে পারবেন না।
সহযোগিতার আশ্বাস দিন
খালাকে বলুন, খিচুড়ি রান্না করতে আপনিও সহযোগিতা করবেন। এটা তেমন কোনো কঠিন রান্না নয়। তবে, যদি মাছ বা মাংসযোগে খেতে চান, তাহলে কিছুটা ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি তাকে সহযোগিতার আশ্বাস দেন, তিনি সহজেই রাজি হবেন।
পারিবারিক আবহ তৈরি করুন
আমাদের রোজকার রান্না সাধারণত একঘেয়ে হয়। কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার ব্যাপারটায় আনন্দ যোগ করে। খালাকে পরিবারের সদস্য হিসেবে সে আনন্দের কথা জানান। তাহলে দেখবেন, তিনিও ভালোলাগা নিয়েই কাজটা করবেন।
মায়ের শূন্যতা অনুভব করান
আপনি আবেগ নিয়ে খিচুড়ি খাওয়ার আবদার উপস্থাপন করতে পারেন। খালাকে বুঝিয়ে বলুন, আপনি বাড়ি থেকে, মায়ের থেকে দূরে থাকেন। মায়ের কাছে থাকলে নিশ্চয়ই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আবদার করলে, সে রান্না করে দিতো। দেখবেন, এ কৌশলটা ম্যাজিকের মতো কাজ করবে।
রান্নার প্রশংসা করুন
মানুষ মাত্রই নিজের প্রশংসা পেতে ভালোবাসে। খালাকে প্রশংসা করে বলুন, তার রান্না খেতে আপনি পছন্দ করেন, এমন মজার রান্না সবাই করতে পারে না। দেখবেন, তার মন গলে যাবে। আগ্রহের সঙ্গেই আপনাকে খিচুড়ি রান্না করে দেবে।
সময়ের আলো/মহু