৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে ফিফা ফুটবল বিশ্বকাপের চতুর্থ আসর খেলতে নেমে প্রথমবার জয়ের দেখা পেল মিসর। সর্বোচ্চ প্রতিযোগিতার নবম ম্যাচে স্মরণীয় জয়ের ম্যাচে গোল করেছেন দলের প্রাণভোমরা মোহামেদ সালাহ। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে মিসর প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল। এরপর দ্বিতীয়ার্ধে ৩ গোল দিয়ে ইতিহাসগড়া জয় পেল আফ্রিকান দেশটি।
কানাডার ভ্যাঙ্কুভার বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচটিতে নিউজিল্যান্ডের চেয়ে সবদিক থেকেই এগিয়ে ছিল মিসর। নিউজিল্যান্ড ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে তিন ম্যাচেই ড্র করেছিল। এবারও ড্র দিয়ে আসর শুরু করে ইরানের বিপক্ষে। আজই (সোমবার) প্রথম তারা হারের স্বাদ পেল। মিসর বিশ্বকাপে প্রথম জয়ের পর ‘জি’ গ্রুপের শীর্ষে উঠেছে।
এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়েও জয়ের দেখা পায়নি মিসর। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামা নিউজিল্যান্ডও খুঁজছিল প্রথম জয়। ম্যাচের ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে বিরতির পর ঘুরে দাঁড়িয়ে মিসর ৩-১ গোলে জয় তুলে নেয়। মিসরের হয়ে গোল করেন মোস্তফা জিকো, সালাহ ও ত্রেজেগে।
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মিশর। অন্যদিকে নিউজিল্যান্ড ইরানের বিপক্ষে ২-২ গোলে সমতা করেছিল। ফলে এই জয়ে গ্রুপ ‘জি’-তে নিজেদের অবস্থান আরও শক্ত করলেন সালাহরা।
সময়ের আলো/এসএকে