আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) সকাল থেকে সোমবার (২২ জুন) বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গত রোববার চারজন এবং সোমবার ৩০ জনকে আটক করা হয়। এরমধ্যে গাজীপুর বাসন থানায় ২৬ জনার নামে এবং সদর থানায় আট জনের নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন মিডিয়া শাখার কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম ও পদবি জানতে যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরো জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আতা