ক্যালকুলেটরে চেপে ঘুষ নির্ধারণ, পিআইওর ভিডিও ভাইরাল

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে সরাসরি ১৫

2026-06-22T22:09:48+00:00
2026-06-22T22:09:48+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
ক্যালকুলেটরে চেপে ঘুষ নির্ধারণ, পিআইওর ভিডিও ভাইরাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:০৯ পিএম 
ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে সরাসরি ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। 

সম্প্রতি পিআইও কার্যালয়ে বসে ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষের টাকা নির্ধারণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া ৪ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পিআইও বাবুল চন্দ্র রায় তার কার্যালয়ে বসে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) সঙ্গে অর্থ লেনদেন নিয়ে দর কষাকষি করছেন। তিনি প্রতিটি প্রকল্পের মোট বরাদ্দের ওপর ১৫ শতাংশ হারে কমিশন দাবি করছেন এবং নিজেই ক্যালকুলেটর চেপে সেই অঙ্ক বুঝিয়ে দিচ্ছেন।

ভিডিওর এক পর্যায়ে পিআইওকে বলতে শোনা যায়, ৩২ হাজার টাকা দরে ৮ টন গমের দাম ২ লাখ ৫৬ হাজার টাকা। এর ১৫ শতাংশ দিলে ৩৮ হাজার টাকা হয়।

এক ইউপি সদস্য কমিশন কমানোর অনুরোধ করলে পিআইও রসিকতা করে বলেন, মেম্বারদের কোনো দিন লাভ হয় না। আমি এতদিন পিআইও হিসেবে কাজ করছি, কোনো মেম্বারকে বলতে শুনিনি যে তার লাভ হয়েছে।


ভিডিওর অন্য অংশে ১ লাখ ৬২ হাজার টাকার একটি টিআর প্রকল্পের বিপরীতে ২৪ হাজার টাকা এবং ১ লাখ ২০ হাজার টাকার প্রকল্পের বিপরীতে ১৮ হাজার টাকা কমিশন নির্ধারণ করতে দেখা যায়। ভিডিওর শেষদিকে কয়েকজনকে টাকা গুনতে এবং ফাইলের সামনে অর্থ রাখতে দেখা যায়।

তবে অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় কমিশন গ্রহণের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওরা কাজ না করেই বিল নিতে এসেছিল। সে কারণেই এ ধরনের কথা হয়েছে। তবে ভিডিওতে দৃশ্যমান অর্থ লেনদেনের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা বলেন, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে আমার নজরে এসেছে। এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হবে। পাশাপাশি স্থানীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি প্রকল্পের টাকা থেকে এভাবে দপ্তরে বসে কমিশন নেওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   ক্যালকুলেটর  ঘুষ  নির্ধারণ  পিআইও  ভিডিও ভাইরাল  পঞ্চগড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: