কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনকে করা হচ্ছে তল্লাশি।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, কোতয়ালী থানাধীন পাঁচটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে, ২০টির মত মোবাইল টিম কাজ করছে। সিভিল ও সাদা পোশাকে ডিবি পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে। কোনো দুষ্কৃতিকারী বরিশাল শহরকে যেন অস্থিতিশীল না করতে পারে, কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি সুযোগ নিতে চায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ইতোমধ্যে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন সড়কে মহড়া দিয়েছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সব থেকে নগরী সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়সহ বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় নেতাকর্মীরা।
বেলা সাড়ে ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বরিশাল মহানগর ও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে দুপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বরিশাল মহানগর যুবদল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সময়ের আলো/জোই