কুষ্টিয়ার-ভেড়ামারায় মহাসড়কে ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন (২১) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরও তিন জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টায় মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন বগুড়ার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা লালন শাহ সেতু গামী পাটের বস্তা বোঝাই ট্রাক পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দশমাইল নামক স্থানে এলে তার সামনের চাকা ফেটে যায়। ফলে ট্রাকটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায় এবং দুই পরিবহনের সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় দুর্ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করি এবং হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করি।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, সকালে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে পরিবহন ও ট্রাকের সংঘর্ষে হেলপার ঘটনাস্থলেই মারা যান। মরদেহ স্বজনদের বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই