ফরিদপুর মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ডিবির ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে জানানো হয়, ডিবির ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে সদর জোন থেকে প্রত্যাহার করা হলো। তাকে আজ দুপুর ১টার মধ্যে পুলিশ লাইন্স ফরিদপুরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ আদেশ অদ্যই কার্যকর হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
নিহত মির্জা ইশতিয়াক আহমেদ মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের অভিযোগ, গত শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে। সে সময় মায়ের সামনেই তাকে মারধর করা হয় বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
পরবর্তীতে ২১ জুন (রোববার) সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে তার মৃত্যু হয়।
সময়ের আলো/আতা