বিএনপির মহড়া ও পুলিশের টহলের মধ্যেই আ. লীগের মিছিল!

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় পৃথক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল

2026-06-23T23:04:53+00:00
2026-06-23T23:59:54+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
বিএনপির মহড়া ও পুলিশের টহলের মধ্যেই আ. লীগের মিছিল!
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:০৪ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ১১:৫৯ পিএম
৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। ছবি: সংগৃহীত
৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় পৃথক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে মাঠে সক্রিয় ছিল ধামরাই থানা পুলিশ। চলমান মহড়া এবং টহলের মধ্যেই ধামরাইয়ের দুই স্থানে মিছিলসহ দুটি পৃথক কর্মসূচি পালন করা হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) এসব কর্মসূচি পালন করা হয়। তবে ঠিক কখন এবং কোথায় পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুটি কর্মসূচি পালন করেছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যায় ধামরাই পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী এবং পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিক রহমানের ফেসবুকে একটি কেক কাটা কর্মসূচির ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, অন্তত ১২জন ব্যক্তি কেক কাটা কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসময় তাদের ‘আজকে বড় খুশির দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

জানা যায়, এ কর্মসূচির উদ্যোক্তা সভাপতি পদপ্রার্থী আশিক রহমান নিজেই। কর্মসূচিটি ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের ঢাকা জেলার সাবেক সভাপতি বেনজির আহমদের পক্ষ থেকে আয়োজন করা হয় বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা কর্মসূচির কোনো উদ্যোক্তার বক্তব্য পাওয়া যায়নি। 


অপরদিকে, মঙ্গলবার সকালে ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর ধামরাই উপজেলা কমিটির সাবেক সহসভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া মো. সুমন হোসেন নামে আরেক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ঢাকার ধামরাইয়ে ‘দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল করা হয়েছে’ উল্লেখ করে একটি ভিডিও পোস্ট দেওয়া হয়। 

ভিডিওতে তাদের জনশূন্য একটি গ্রামীণ সড়ক দিয়ে মিছিল করতে দেখা যায়। প্রায় অর্ধশত জমায়েতের মিছিলটিতে নেতৃত্ব দেওয়া মো. সুমন হোসেনের মুখ খোলা থাকলেও মিছিলে অংশ নেওয়া বাকি সবার মুখে ছিল সার্জিক্যাল মাস্ক। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানি না মানবো না’, ‘রাজবন্দিদের মুক্তি চাই, মুক্তি চাই’, ‘শেখ হাসিনা ওয়ানস এগেইন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে এ দিন ঢাকার ধামরাই পৌরসভা এলাকায় পৃথক কর্মসূচি পালন করতে দেখা যায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এর মধ্যে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদের নেতৃত্বে উপজেলার জয়পুরা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অন্যদিকে যুবদলের ধামরাই উপজেলার সভাপতি পদপ্রার্থী রেজোয়ানুর চৌধুরী রবিনের নেতৃত্বে ধামরাই বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদের নির্দেশের উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যে কোনো অপতৎপরতা ঠেকাতে পুলিশ চেকপোস্ট, টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। গতকাল তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। 

সময়ের আলো/আতা


  বিষয়:   বিএনপি  মহড়া  পুলিশ  টহল  আওয়ামী লীগ  মিছিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: