সবুজ গালিচায় তিনি নামা মানেই রেকর্ডের পাতায় নতুন করে দোয়াত-কলম নিয়ে বসা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আরও একবার প্রমাণ করলেন, বয়স কেবলই একটা সংখ্যা মাত্র। চলমান বিশ্বকাপে মাঠে নেমেই জাল খুঁজে নিলেন পর্তুগিজ এই যুবরাজ। আর এই গোলটির মাধ্যমেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার এক অনন্য ও মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
ফুটবলের দীর্ঘ ও গৌরবময় পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড নেই আর কোনো ফুটবলারের। টানা তো দূরের কথা, সিআরসেভেনের পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিওনেল মেসির। ফলে আজকের এই কীর্তিতে ফুটবল ইতিহাসের পাতায় নিজেকে এক অনন্য ও একক উচ্চতায় নিয়ে গেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
ফুটবলের এই মহাজজ্ঞে রোনালদোর পথচলা শুরু হয়েছিল দুই দশক আগে, ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। তরুণ উদীয়মান তারকা হিসেবে সেবার আসরে একটি গোল করেছিলেন তিনি; গোলটি এসেছিল ইরানের বিপক্ষে। এরপর ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও নিজের নামের পাশে একটি করে গোল যোগ করেন এই মহাতারকা।
বিশ্বকাপের আসর বিবেচনা করলে রোনালদোর জন্য সবচেয়ে স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাঁর সেই জাদুকরী হ্যাটট্রিকটি ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে থাকবে আজীবন। রাশিয়া বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট ৪টি গোল। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপেও পেনাল্টি থেকে ১টি গোল আসরটি রাঙিয়েছিলেন তিনি।
আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো করেছিলেন মোট ৮টি গোল। আজ ষষ্ঠ আসরে নিজের প্রথম গোলটি পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়াল ৯-এ। এই ঐতিহাসিক গোলটির মাধ্যমে যেমন কাটল তাঁর আন্তর্জাতিক গোলের খরা, তেমনই পর্তুগালকে নিয়ে গেল এক নতুন স্বপ্নযাত্রায়। বিশ্বমঞ্চে অনন্য এই কীর্তি গড়ার পর ফুটবল দুনিয়া আরও একবার বিনম্রচিত্তে কুর্নিশ জানাচ্ছে সিআরসেভেনকে।
সময়ের আলো/কাহু