ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই ইরান ফুটবল দলের জন্য এলো সুখবর। ইরান দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার

2026-06-24T02:35:07+00:00
2026-06-24T02:35:07+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৩৫ এএম 
ইরান ফুটবল দল । ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই ইরান ফুটবল দলের জন্য এলো সুখবর। ইরান দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ফলে জটিল রাজনৈতিক ও ভিসা-সংক্রান্ত বাধা কাটিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাচ্ছে ইরান।

মঙ্গলবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইরান দল এখন থেকে ম্যাচের দুই দিন আগেই ভেন্যুতে পৌঁছাতে পারবে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, শুক্রবার মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষ হওয়ার পরপরই তাদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

বিশ্বকাপের শুরু থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে দলটির প্রস্তুতিতেও। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের আরিজোনার টাকসনে নির্ধারিত বেস ক্যাম্প বাতিল করে মেক্সিকোতে সরিয়ে নিতে হয় তাদের।

এ ছাড়া দলের কয়েকজন সাপোর্ট স্টাফ ও কর্মকর্তার ভিসা জটিলতা এবং প্রথম দুই ম্যাচের আগে কেবল ম্যাচের আগের দিন ভ্রমণের অনুমতি পাওয়ায় খেলোয়াড়দের অতিরিক্ত ক্লান্তি ও মানসিক চাপের মধ্যে পড়তে হয়েছিল।

অবশেষে সেই জটিলতা কিছুটা কাটিয়ে স্বস্তি ফিরেছে ইরান শিবিরে। হোয়াইট হাউজের ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি বলেন, ‘প্রথম দুই ম্যাচে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা তাদের যাতায়াতের সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

নতুন সুবিধার আওতায় ইরান দল তাদের মেক্সিকোর তিজুয়ানা বেস ক্যাম্প ছেড়ে বুধবারই সিয়াটলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। নিষেধাজ্ঞার কড়াকড়ির মধ্যেও নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এখনো ভালো অবস্থানে রয়েছে তারা।


বর্তমানে ‘জি’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইরান। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। তবে সব হিসাব-নিকাশের কেন্দ্রবিন্দুতে এখন শুক্রবারের ম্যাচটি।

৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা মিসরের বিপক্ষে এই লড়াই ইরানের জন্য হয়ে উঠেছে ‘বাঁচা-মরার’ ম্যাচ। বাড়তি প্রস্তুতির সময় ও মানসিক স্বস্তি কি ইরানকে নকআউট পর্বের টিকিট এনে দিতে পারবে—এখন সেই উত্তর খুঁজছে ফুটবল বিশ্ব।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ইরান  ভ্রমণ  নিষেধাজ্ঞা  শিথিল  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: