যশোরে সাইদ সরদার ওরফে চশমা সাইদ (৩৮) নামে একাধিক মামলার এক আসামির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের একটি ঝোপের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইদ ওই এলাকার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে একটি ফোন পেয়ে সাইদ বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকালে বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে তার গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ সময় মরদেহের ঠিক পাশেই একটি রক্তমাখা ধারালো চাকু পড়ে থাকতে দেখা যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামতসহ মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা মাদক ব্যবসাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যার নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
সময়ের আলো/জোই