ইউরোপে প্রাণঘাতী ‘ওমেগা’ তাপপ্রবাহ : তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিম ইউরোপ বুধবারও প্রাণঘাতী ও রেকর্ড-ভাঙা তাপপ্রবাহের কবলে ছিল। এ পর্যন্ত এতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে, স্কুল বন্ধ হয়েছে,

2026-06-24T18:09:23+00:00
2026-06-24T18:09:52+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইউরোপে প্রাণঘাতী ‘ওমেগা’ তাপপ্রবাহ : তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৬:০৯ পিএম
ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চলে চলমান তাপপ্রবাহের মধ্যে তাপমাত্রা বাড়ায় প্যারিসের ট্রোকাদেরো ফোয়ারায় জড়ো হয়েছেন মানুষ। পেছনে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। ছবি : রয়টার্স।
পশ্চিম ইউরোপ বুধবারও প্রাণঘাতী ও রেকর্ড-ভাঙা তাপপ্রবাহের কবলে ছিল। এ পর্যন্ত এতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে, স্কুল বন্ধ হয়েছে, ট্রেন চলাচল ধীর হয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং কৃষকদের রাতে শস্য কাটতে বাধ্য হতে হয়েছে।

ফ্রান্সে মঙ্গলবার প্রায় ৮০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ব্রিটানি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতায় ক্ষতিগ্রস্ত হাজারো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। দক্ষিণ-পশ্চিমের পিসোস শহরে তাপমাত্রা সর্বোচ্চ ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস (১১১.৭ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছায়।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ফ্লোরেন্স, মিলান, রোম, তুরিন ও ভেরোনাসহ ১৬টি শহরের জন্য সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জারি করেছে। 

ব্রিটেনে, যেখানে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, দেশটির আবহাওয়া বিভাগ মেট অফিস ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো চরম তাপমাত্রার সতর্কতা জারি করেছে। উচ্চ তাপমাত্রার কারণে শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে বা আগেভাগে ছুটি দেওয়া হয়েছে, কারণ এতে সুস্থ মানুষও স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। 

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে নামার সময় ডুবে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একটি গাড়ির ভেতরে তাপের কারণে দুই শিশু মারা গেছে।

স্পেনে, যেখানে সপ্তাহান্ত থেকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল, সেখানে দুই প্রবীণ ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন। তবে বুধবার দেশটিতে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে।

‘ওমেগা ব্লক’ কী?  

আবহাওয়াবিদদের মতে, “ওমেগা ব্লক” নামে পরিচিত একটি বিরল আবহাওয়াগত পরিস্থিতির কারণে ইউরোপজুড়ে এই রেকর্ড-ভাঙা তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস (৩২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেশি উঠেছে।

এই আবহাওয়া বিন্যাসটি গ্রিক বর্ণ Ω (ওমেগা)-এর মতো দেখতে। এর মাঝের অংশে উচ্চচাপের বলয় দীর্ঘ সময় ধরে গরম বাতাসকে আটকে রাখে, ফলে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে।


ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রঁস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি ২০০৩ সালের আগস্টের ভয়াবহ তাপপ্রবাহের সঙ্গে তুলনীয়। সেই তাপপ্রবাহ ১৬ দিন স্থায়ী ছিল এবং ইউরোপজুড়ে আনুমানিক ৮০,০০০ অতিরিক্ত মৃত্যুর কারণ হয়েছিল।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লুউএমও) বলেছে, ইউরোপ বিশ্বের গড় উষ্ণায়নের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণ হচ্ছে, ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ঘটার সম্ভাবনা বাড়ছে। 

দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব

প্যারিসে চলমান ফ্যাশন সপ্তাহে দর্শকদের গরমে হাঁপাতে ও ঘামতে দেখা গেছে। লুই ভুইতঁ, দিওর এবং রিক ওয়েন্স-এর মতো ফ্যাশন ব্র্যান্ডগুলো তীব্র গরম এড়াতে তাদের শোর সময়সূচি পরিবর্তন করে সকালবেলায় আয়োজন করেছে।

মঙ্গলবার আইফেল টাওয়ার ও ল্যুভর জাদুঘর নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। সুইজারল্যান্ডে স্থানীয় কর্তৃপক্ষ শীতাতপনিয়ন্ত্রিত সিনেমা হলে বিনামূল্যে দিনের বেলার প্রদর্শনীর ব্যবস্থা করেছে।

ইউরোপজুড়ে নির্মাণ প্রতিষ্ঠানগুলো কর্মীদের নিরাপত্তার জন্য কাজের সময় পরিবর্তন করেছে। একই সঙ্গে বৈদ্যুতিক পাখা ও বহনযোগ্য এয়ার কন্ডিশনারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা হিমশিম খাচ্ছেন।

ফ্রান্সের একটি কৃষি সমবায় জানিয়েছে, কৃষকরা দুপুরের প্রচণ্ড গরম ও আগুনের ঝুঁকি এড়াতে রাতের শিফটে ফসল কাটছেন।

ব্রিটেনে বিদ্যুৎ গ্রিড অপারেটররা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের আহ্বান জানিয়েছে, কারণ তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে। একই সঙ্গে অতিরিক্ত গরমে রেললাইনের ক্ষতি এড়াতে ট্রেনের গতি সীমিত করা হয়েছে এবং যাত্রীদের শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।

ইতালির আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং তাপপ্রবাহের তীব্রতা আগামী রোববার ও সোমবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ওমেগা  তাপপ্রবাহ  তাপমাত্রা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: