স্কটিশ প্রাচীর ভাঙতে তৈরি নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলা

মাঠে নামার জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত, সপ্তাহের প্রতিটি দিনই নিজেকে নিংড়ে দিয়েছেন অনুশীলনে। কোচের মুখেও তার জন্য ঝরল রাজ্যের

2026-06-24T19:29:20+00:00
2026-06-24T19:29:20+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
স্কটিশ প্রাচীর ভাঙতে তৈরি নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:২৯ পিএম 
নেইমার। ছবি : সংগৃহীত
মাঠে নামার জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত, সপ্তাহের প্রতিটি দিনই নিজেকে নিংড়ে দিয়েছেন অনুশীলনে। কোচের মুখেও তার জন্য ঝরল রাজ্যের প্রশংসা। কিন্তু প্রশ্নটা যেখানে আসল, সেই স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশে কি দেখা যাবে নেইমারকে? বিশ্বমঞ্চের হাইভোল্টেজ ম্যাচের আগে এই কোটি টাকার প্রশ্নটার উত্তর যেন কিছুটা ধোঁয়াশাতেই রেখে দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

​হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের দিনেই এই ইতালিয়ান মাস্টারমাইন্ড আভাস দিয়েছিলেন, স্কটল্যান্ড বধের আগেই চোট কাটিয়ে ফিট হয়ে উঠবেন নেইমার। ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও কোচের কণ্ঠে প্রতিধ্বনিত হলো সেই একই সুর। তবে ৩৪ বছর বয়সী এই পোস্টার বয়কে স্কটিশদের বিপক্ষে শুরু থেকেই খেলানো হবে কি না, তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি তিনি। কাফ ইনজুরির কারণে এবারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরেই কেটেছে এই ফরোয়ার্ডের, অথচ দীর্ঘ তিন বছর পর তাকে সেলেসাওদের ডেরায় ফিরিয়েছিলেন খোদ আনচেলত্তিই।

​বুধবার (২৪ জুন) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেন, নেইমার প্রস্তুত আছে। সে পুরো সপ্তাহ অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য উপলব্ধ। সে ফিরে আসায় আমরা খুবই খুশি, কারণ তার মানের একজন খেলোয়াড় দলকে অনেক সাহায্য করতে পারে। 

প্রিয় শিষ্যের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি আরও যোগ করেন, যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফেরার জন্য সে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে। খেলুক বা না খেলুক,সে দলের জন্য গুরুত্বপূর্ণ। তার অভিজ্ঞতা, খেলার জ্ঞান এবং তরুণদের সহায়তা করার মানসিকতা দলের জন্য বড় সম্পদ।


​তবে নেইমার ঠিক কতক্ষণ মাঠে থাকতে পারবেন, এমন প্রশ্নে স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন আনচেলত্তি। হেসেই বললেন, সে ৯০ মিনিট খেলতে পারবে, তবে হেঁটে হেঁটে! না, সিরিয়াসলি বললে, সে ভালো অবস্থায় আছে। খুব ভালো অনুশীলন করেছে এবং দারুণভাবে প্রস্তুতি নিয়েছে।

​গ্রুপ ‘সি’তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে কিছুটা ধাক্কা খেয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচেই হাইতিকে উড়িয়ে দিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে তারা। এবার স্কটল্যান্ডকে হারাতে পারলেই শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হবে ব্রাজিলের।

আনচেলত্তিও বিশ্বাস করেন, দল ধীরে ধীরে নিজেদের সেরা রূপটি ফিরে পাচ্ছে। হলুদ জার্সির মাহাত্ম্য মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বকাপে এই জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই বড় দায়িত্ব। প্রথম ম্যাচটি আমাদের সেরা ছিল না, দ্বিতীয় ম্যাচে আমরা উন্নতি করেছি। এখন আমরা আত্মবিশ্বাসী যে তৃতীয় ম্যাচটি আরও ভালো হবে।

​অবশ্য স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না ব্রাজিল বস। স্কট ম্যাকটমিনে কিংবা জন ম্যাকগিনদের মতো লড়াকু ফুটবলারদের নিয়ে গড়া স্কটিশদের সমীহ করে তিনি বলেন, তারা লড়াকু এবং খুব ভালোভাবে সংগঠিত একটি দল। বিশ্বকাপে সহজ ম্যাচের যুগ অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা কঠিন লড়াইয়ের জন্যই প্রস্তুত।

এদিকে হ্যামস্ট্রিং চোটের কারণে উইঙ্গার রাফিনিয়া ছিটকে যাওয়ায় একাদশে কাকে দেখা যাবে, তা নিয়ে রহস্য ভাঙেননি কোচ।

​নিউ জার্সির বেস ক্যাম্প থেকে মায়ামিতে আসার ফ্লাইট জটিলতায় আনচেলত্তির এই সংবাদ সম্মেলন পিছিয়ে গিয়েছিল বেশ খানিকটা সময়। তবে এসব ছোটখাটো ঝামেলা এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী কোচ জানালেন, রাত নয়টায় সংবাদ সম্মেলন করতে হলেও তাদের লক্ষ্য বদলাবে না, বিশ্বকাপে দারুণ কিছুই করতে যাচ্ছে সাম্বার দেশ। এখন দেখার বিষয়, স্কটিশ প্রাচীর ভাঙতে আনচেলত্তি তার ‘প্রস্তুত’ নেইমারকে মাঠের লড়াইয়ে নামান কি না।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নেইমার  কার্লো আনচেলত্তি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: