প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জয়-দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে সুবিধাজনক অবস্থানে থাকলেও এখনো শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। নকআউট পর্বের সেই লক্ষ্য পূরণেই আজ বুধবার দিবাগত ভোর চারটায় স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা।
কাগজে-কলমে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল স্পষ্ট ফেবারিট হলেও ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন-ম্যাচটি যদি ড্র হয় কিংবা ব্রাজিল হেরে যায়, তবে কী ঘটবে? রানার্সআপ বা গ্রুপ চ্যাম্পিয়ন হলেই বা পরের রাউন্ডে সেলেসাওদের প্রতিপক্ষ কারা?
গ্রুপ ‘সি’ থেকে ইতিমধ্যে হাইতির বিদায় ঘণ্টা বেজে গেছে। তবে বাকি তিন দলের সামনেই এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গাণিতিক সুযোগ রয়েছে। এই মুহূর্তে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। আজ ভোর চারটায় একই সময়ে গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারণী দুটি ম্যাচ মাঠে গড়াবে; যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং মরক্কো লড়বে বিদায় নেওয়া হাইতির বিপক্ষে।
চলুন দেখে নেওয়া যাক কোন ম্যাচের ফলাফল কেমন হলে ব্রাজিলের ভাগ্য কোন দিকে মোড় নেবে:
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যত সমীকরণ
ব্রাজিল ও মরক্কো দুই দলই জিতলে : এই ক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে সমান ৭। তখন নিয়ম অনুযায়ী প্রথমে বিবেচনা করা হবে তাদের মধ্যকার মুখোমুখি লড়াইয়ের ফল। যেহেতু ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি ড্র হয়েছিল, তাই গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে আসবে গোল ব্যবধানের হিসাব। বর্তমানে গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে থাকায় তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি।
ব্রাজিলের ড্র এবং মরক্কোর জয় : ব্রাজিল যদি স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে এবং মরক্কো হারিয়ে দেয় হাইতিকে, তবে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে মরক্কো।
ব্রাজিল ও মরক্কো দুই ম্যাচই ড্র হলে : এই সমীকরণে দুই দলেরই পয়েন্ট দাঁড়াবে ৫। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে যাবে ব্রাজিল।
ব্রাজিলের ড্র এবং মরক্কোর হার : এই পরিস্থিতিতেও ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন থাকবে ব্রাজিলই। অন্যদিকে স্কটল্যান্ড ও মরক্কোর পয়েন্ট সমান হয়ে যাবে।
ব্রাজিলের হার এবং মরক্কোর জয় : এটি ব্রাজিলের জন্য সবচেয়ে কঠিন সমীকরণ। ব্রাজিল হারলে এবং মরক্কো জিতলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে যাবে সেলেসাওরা। ৭ পয়েন্ট নিয়ে মরক্কো শীর্ষে এবং ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে নকআউটে যাবে স্কটল্যান্ড।
ব্রাজিলের হার এবং মরক্কোর ড্র : এই ক্ষেত্রে স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে নাম লেখাবে মরক্কো।
ব্রাজিল ও মরক্কো দুই দলই হারলে : স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের লড়াইয়ে ব্রাজিল ও মরক্কোর মধ্যে তখন গোল ব্যবধান বিবেচনা করা হবে।
পরের রাউন্ডে প্রতিপক্ষ হতে পারে যারা
ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ পা রাখে, তবে নকআউট পর্বের প্রথম ম্যাচে তাদের লড়তে হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের বিরুদ্ধে। বর্তমান চিত্র অনুযায়ী ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ান পরাশক্তি জাপান।
অন্যদিকে, ব্রাজিল যদি গ্রুপ রানার্সআপ বা দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে যায়, তবে তাদের মুখোমুখি হতে হবে গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন দলের। বর্তমানে এই গ্রুপের শীর্ষস্থানটি দখল করে রেখেছে নেদারল্যান্ডস।
ব্রাজিল যদি তৃতীয় হয়?
যদি সমীকরণের গ্যাঁড়াকলে পড়ে ব্রাজিল গ্রুপে তৃতীয় স্থানেও চলে যায়, তাহলেও তাদের বিদায় নিশ্চিত নয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে যাওয়ার সুযোগ পাবে। তবে তৃতীয় হয়ে ডিশনাল রাউন্ডে গেলে ব্রাজিলের পথ হবে বেশ কঠিন। সেক্ষেত্রে শেষ ৩২-এ তাদের গ্রুপ ‘ই’, ‘এ’ কিংবা ‘আই’ গ্রুপের শীর্ষ দলগুলোর মুখোমুখি হতে হবে। অর্থাৎ, কোয়ার্টার ফাইনালের আগেই জার্মানি, ফ্রান্স কিংবা মেক্সিকোর মতো শক্তিশালী দলগুলোর বাধা পার হতে হবে সেলেসাওদের।
সময়ের আলো/আরবিএন