বেইজিংয়ের ‘গ্রট হল অব দ্য পিপল’ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং। বিকাল ৪টা ৪৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী প্রথম তাকে শুভেচ্ছা জানান।
অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াং-কে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এরপরে শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কুয়াং।
স্থানীয় সময় বিকেল ৫ টায় দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরের পশ্চিম প্রান্তে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’ ভবনসহ তার পাশের বিশাল চত্বর ও সড়কের দুই পাশে বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। এই ভবনে চীনের সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ এর সভা অনুষ্ঠান এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কার্যালয় রয়েছে।
উল্লেখ্য যে, গত ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। মালয়েশিয়ায় দুইদিনের সফর শেষে গত সোমবার রাতে প্রথমে যান চীনের দালিয়ানে যে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে। সেখানে দুই দিনে বিভিন্ন কর্মসূচি শেষ করে বুধবার বিকালে দালিয়ান থেকে হাই স্পিড (বুলেট ট্রেন) ট্রেনে বেইজিং আসেন।
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসূচিতে রয়েছে- গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের তারেক রহমানের এটি প্রথম চীন সফর। ২০০১ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন সেই সময়ে এই গ্রেট হলে প্রধানমন্ত্রীর লালগালিচায় সংবর্ধনায়ও উপস্থিত ছিলেন তিনি।
ইউএমএইচ/ইউএমএইচ