যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য শফিউল আলম।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
খবর পেয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সদস্যের চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি বলেন, ‘দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের একজন সদস্য দুর্ঘটনায় আহত হয়েছেন। তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচে পাঠানো হয়েছে। আমরা তার সার্বিক চিকিৎসার খোঁজখবর রাখছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। এরপর শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর বজ্রপাত হলে শফিউল আলম গুরুতর আহত হন। সহকর্মীদের দ্রুত তৎপরতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়।
সময়ের আলো/এসএকে