এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র জমা ও সংরক্ষণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিনের পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উত্তরপত্র একই দিন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরের হাতে হাতে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিনের পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওই দিনের লিখিত উত্তরপত্র একই দিন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পৌঁছানোর ব্যবস্থা করবেন। উত্তরপত্র তিনি নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত শিক্ষক পুলিশ প্রহরায় নিরাপদ হেফাজতে হাতে হাতে জমা দেবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো কারণে হাতে হাতে উত্তরপত্র পাঠানো সম্ভব না হলে, সেদিনই সময় উল্লেখ করে ডাকযোগে অথবা রেলওয়ে পার্সেলের মাধ্যমে পাঠাতে হবে। তবে একই দিন এসব ব্যবস্থাতেও পাঠানো সম্ভব না হলে পরীক্ষা শেষে উত্তরপত্র ভর্তি বস্তা, প্যাকেট বা বাক্স সিলগালা করে ট্রেজারি বা থানার মালখানায় সংরক্ষণ করতে হবে।
পরে নির্ধারিত তারিখে ট্রেজারি বা থানার মালখানা থেকে সময় উল্লেখ করে উত্তরপত্র বের করে সিল অক্ষত অবস্থায় ট্রেজারি বা থানার প্রত্যয়নপত্রসহ পুলিশ প্রহরায় পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে জমা দিতে হবে। এ কাজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা পরীক্ষা পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত কোনো শিক্ষক করবেন।
বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত পদ্ধতির বাইরে কোনো অবস্থাতেই লিখিত উত্তরপত্র অন্য কোনো ব্যবস্থায় প্রেরণ করা যাবে না।
নির্দেশনা অনুযায়ী, ২, ৪, ৬ ও ৮ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার উত্তরপত্র প্রথম কিস্তিতে আগামী ৯ জুলাই জমা দিতে হবে। ১১, ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষার উত্তরপত্র দ্বিতীয় কিস্তিতে ১৭ জুলাই জমা দিতে হবে।
এ ছাড়া ১৮, ১৯, ২২ ও ২৩ জুলাইয়ের পরীক্ষার উত্তরপত্র তৃতীয় কিস্তিতে ২৪ জুলাই, ২৫, ২৭, ২৯ ও ৩০ জুলাইয়ের পরীক্ষার উত্তরপত্র চতুর্থ কিস্তিতে ৩১ জুলাই এবং ১, ২, ৪, ৬ ও ৮ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষার উত্তরপত্র পঞ্চম কিস্তিতে ৯ আগস্ট বোর্ডে জমা দিতে হবে।
বিষয়টি অতীব জরুরি হিসেবে বিবেচনা করে এইচএসসি পরীক্ষার আওতাধীন সকল কেন্দ্রকে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
সময়ের আলো/কেএইচও