ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইশা (১১) নামে অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও নাফিসা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার করনাই এলাকার টাঙ্গন নদীর আতাই ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার করনাই সরকার গ্রামের সোহেল রানার ছেলে শিশু নাঈম, আব্দুর রশিদের মেয়ে মাইশা এবং ঠাকুগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে নাফিসা এক সঙ্গে টাঙ্গন নদীর আতাইঘাটে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত চেষ্টা চালিয়ে শিশু নাঈম ও মাইশাকে নদী থেকে উদ্ধার করেন। উদ্ধারের পর শিশু নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে উদ্ধার হওয়া মাইশা বর্তমানে সুস্থ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিখোঁজ নাফিসা করনাই এলাকায় নানির বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনা নিশ্চিত করেন। উদ্ধার তৎপরতার বিষয়ে তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করবে।
সময়ের আলো/জোই