ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন আজ। ১৯৮৫ সালের ২৬ জুন, আজকের এই দিনে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করা এই গুণী অভিনেতা ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন।
তবে এবারের জন্মদিন বড় ছেলে খ্যাত অপূর্বর জন্য আরও বিশেষ। কারণ, আজকের এই দিনে তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও জন্মদিন। বাবা-ছেলের একই তারিখে জন্মদিন উদ্যাপন প্রতিবছরই তাদের পরিবারের জন্য নিয়ে আসে ভিন্নমাত্রার আনন্দ ও আবেগ।
বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন অপূর্ব। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি নির্মাতা, সহশিল্পী ও শোবিজ অঙ্গনের অনেকেই তার সঙ্গে তোলা ছবি প্রকাশ করে শুভ জন্মদিন জানিয়েছেন।
ছোটবেলা থেকেই অভিনয় ও শোবিজের প্রতি আগ্রহ ছিল অপূর্বর। ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে মিডিয়ায় তার যাত্রা শুরু হয়। এরপর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় নেসক্যাফের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।
অভিনেতা হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত নাটক ‘বৈবাহিক’-এর মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অপূর্বকে।
প্রায় দুই দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত তরুণের চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়েছে। নাটকটি ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় তাকে এবং অনেকের কাছে তিনি হয়ে ওঠেন ‘ঘরের বড় ছেলে’।
রোমান্টিক, পারিবারিক ও জীবনঘনিষ্ঠ গল্পের নাটকে স্বাভাবিক ও আবেগঘন অভিনয়ের মাধ্যমে তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন অপূর্ব। ২০১০ সালে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করলেও ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ হয়। একই বছরের জুলাইয়ে তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। ২০২০ সালে সেই সংসারেরও ইতি ঘটে। তাদের ঘরেই জন্ম নেয় একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ।
পরবর্তীতে ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান আনায়া। বর্তমানে স্ত্রী, কন্যা এবং পরিবারের সদস্যদের নিয়ে সুখী সময় কাটাচ্ছেন তিনি। একই সঙ্গে ছেলে জায়ানের সঙ্গেও রয়েছে তার আন্তরিক সম্পর্ক।
বর্তমানে ওয়েব কনটেন্ট নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েবফিল্ম ‘হেডলাইন’। রহস্য, রোমাঞ্চ এবং সংবাদপত্রের আড়ালে লুকিয়ে থাকা এক গোপন সত্যকে কেন্দ্র করে নির্মিত এই ওয়েবফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ওয়েবফিল্মটি।
অভিনয়ের দীর্ঘ পথচলায় নিজস্ব অভিনয়শৈলী, জনপ্রিয়তা এবং দর্শকের ভালোবাসা দিয়ে দেশের নাট্যাঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। জন্মদিনে ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা—নতুন নতুন কাজের মাধ্যমে তিনি আরও দীর্ঘ সময় দর্শকদের মুগ্ধ করে যাবেন।
সময়ের আলো/এসএকে