হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর পুশইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে ৫৫ বিজিবি। এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সহযোগিতা করেন।
শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে ৫৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার তেলিয়াপাড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, রাতের অন্ধকারে সীমান্তের সিকিউরিটি লাইট বন্ধ করে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলা করেন। পরে জিরো লাইনে ওই প্রচেষ্টা প্রতিহত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে দেওয়া হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান শনিবার দুপুরে সময়ের আলোকে জানান, সীমান্তে বিজিবির টহল অব্যাহত আছে। সীমান্ত রক্ষায় যেকোন অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সময়ের আলো/জোই