পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, চীনের প্রস্তাবিত করিডোর নিয়ে বাংলাদেশ বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তবে এ বিষয়ে ঢাকা এখনো কোনো চূড়ান্ত অবস্থানে পৌঁছায়নি।
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খলিলুর রহমান বলেন, ‘আমরা চীনের করিডোর প্রস্তাবটি খতিয়ে দেখছি। তবে এখনো কোনো অবস্থান নিইনি।’ করিডোর নিয়ে সরকারের আগ্রহের অন্যতম প্রধান কারণ হিসেবে তিনি পরিবহন খরচ কমানোর বিষয়টি উল্লেখ করেন।
বাংলাদেশ চীন সফর থেকে নগদ কী পেল— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ভিক্ষার থলি নিয়ে যাই নাই। দুই দেশের সম্পর্কে অভিমুখ ঠিক করতে এই সফর। এটা ঠিক হলে বাকিগুলো ভবিষ্যতে আসবে। একটু আত্মসম্মানবোধ রাখেন। এ ধরনের বিব্রতকর প্রশ্ন করবেন না।’
তিস্তা নদী মহাপরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুতই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু হবে।’
সময়ের আলো/কেএইচও