চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সদস্যপদ ঘিরে অনিয়মের অভিযোগ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

চলচ্চিত্র শিল্পী সমিতির (বাচশিস) ৪০ জনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আগামী ৩ জুলাই শিল্পী সমিতির নির্বাচন

2026-06-27T22:44:43+00:00
2026-06-27T22:44:43+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
আনন্দ সময়
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সদস্যপদ ঘিরে অনিয়মের অভিযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৪৪ পিএম 
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। ছবি : সংগৃহীত
চলচ্চিত্র শিল্পী সমিতির (বাচশিস) ৪০ জনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আগামী ৩ জুলাই শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগেই সভাপতি মিশা সওদাগর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান স্বাক্ষরিত নতুন সদস্যদের তালিকা ঘিরে প্রশ্ন তুলছেন চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশ।

শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৫ (ক) ধারায় স্পষ্টভাবে বলা আছে, পূর্ণ সদস্য হতে হলে একজন শিল্পীকে কমপক্ষে পাঁচটি মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অবিতর্কিত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হবে। পাশাপাশি আবেদনকারীকে পেশাগতভাবে চলচ্চিত্র অভিনয়শিল্পী হতে হবে। কার্যকরী পরিষদ আবেদন অনুমোদন করলে তিনি পূর্ণ সদস্যপদ লাভ করবেন এবং ভোটাধিকারসহ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হবেন।

কিন্তু এবারের নতুন সদস্যদের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, অনেকেই এই শর্ত পূরণ করেননি। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তুসমি তায়েফ টুনটুনিকে নিয়ে। অভিনয়শিল্পী ডি এ তায়েবের মেয়ে টুনটুনি এখনও শিশুশিল্পী হিসেবেই পরিচিত। তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মাত্র দুটি। গঠনতন্ত্রে উল্লেখিত পাঁচটি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের শর্ত পূরণ করতে না পারলেও সে পূর্ণ সদস্যপদ পেয়েছে। এ বিষয়ে ডি এ তায়েব বলেন, একটা সিনেমায় অভিনয় করেও শুধু টুনটুনি নয়, আরও অনেকেই সদস্য হয়েছে। এমন প্রমাণ আমার কাছে আছে। তবে আমার মেয়েকে সদস্য করাতে চাইনি।

একইভাবে জান্নাতুল ফেরদৌস সানজানা রোমানা নীড়, সুস্মি রহমান রুবিনা আলমগীর, মোহাম্মদ বাবুল ওরফে মুন্না খান ও মনির হোসেন ওরফে যুবরাজসহ আরও কয়েকজনের পূর্ণ সদস্যপদ দেওয়ার ব্যাপারেও নিয়ম না মানার অভিযোগ রয়েছে।

শুধু এবার নয়, গত কয়েক বছরে নিয়ম বহির্ভূতভাবে অনেককে সদস্যপদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিল্পী সমিতির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন। তাদের মতে, ‘যারা বছরের পর বছর অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন, তাদের সঙ্গে একই কাতারে এমন ব্যক্তিদের পূর্ণ সদস্য করা হচ্ছে, যারা গঠনতন্ত্রের মৌলিক শর্তই পূরণ করেননি। এতে প্রকৃত শিল্পীরা বিব্রত হন।

এ বিষয়ে গত বুধবার সন্ধ্যায় কথা হয় চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর বলেন, আমাদের কার্যকরী পরিষেদের সিদ্ধান্ত, এখন তো সে অর্থে আগের মতো ছবি তৈরি হচ্ছে না। তাই কমপক্ষে দুইটা কিংবা তিনটা ছবি হলেও পূর্ণ সদস্যপদ দেওয়ার বিবেচনা করা হয়েছে। কার্যকরী পরিষদ যা বলবে, তা–ই, সেটাকে কোনো চ্যালেঞ্জ করা যায় না। তবে দুটি কিংবা তিনটি ছবিতে অভিনয় করে সদস্যপদ পেয়েছে, এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগে এ ধরনের অনিয়ম অনেক ঘটেছে। আমাদের কার্যকরী পরিষদের সভায় এসব নিয়ে আলোচনা হয়েছে। তাই আমাদের কার্যকরী পরিষদ সবার সিদ্ধান্তে মৌখিকভাবে শর্ত শিথিল করে এসব পূর্ণ সদস্যপদ দিয়েছে।’ তাহলে সংগঠনের গঠনতন্ত্রে বদল আনতে পারলেন না—এমন প্রশ্নে মিশা বলেন, আমি এ বিষয়ে প্রস্তাব করেছিও।


এ বিষয়ে চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পী ববিতার সঙ্গে। তিনি বলেন, শিল্পী সমিতির সদস্যপদ কোনো দয়া বা উপহার নয়, মন চাইল দিয়ে দিলাম। কিংবা সদস্য বাড়াতে হবে বলে নিয়ম না মেনেই সদস্যপদ দিলাম! গঠনতন্ত্রে যে শর্তের কথা বলা আছে, তা সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য থাকা উচিত। নিয়মের বাইরে গিয়ে সদস্যপদ দেওয়াতে সমিতির মর্যাদা যেমন নষ্ট হয়, তেমনি প্রকৃত শিল্পীরাও বিব্রত হন। তাই সদস্যপদ প্রদানে স্বচ্ছতা ও গঠনতন্ত্র অনুসরণ করা উচিত।’

এদিকে নির্বাচনের ঠিক আগে একসঙ্গে ৪০ জনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার ঘটনাকে কেবল সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন না চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। তাদের মতে, পূর্ণ সদস্যপদ মানেই ভোটাধিকার। ফলে নতুন ভোটার যুক্ত করার মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার সুযোগ তৈরি হয়। বিশেষ করে যাদের সদস্যপদ পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের অন্তর্ভুক্তিকে অনেকেই ভোটের হিসাব-নিকাশের অংশ হিসেবে দেখছেন। তাই এই সদস্যপদ প্রদানে শিল্পী সমিতির নির্বাচনের ভোটের সমীকরণ বদলে দেওয়ার অভিযোগও জোরালো হচ্ছে।

সময়র আলো/আআ



  বিষয়:   চলচ্চিত্র  শিল্পী  সমিতি  অনিয়ম  অভিযোগ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: