‘ম্যাডাম কোনো পুরুষের সঙ্গে কথা বলেন না, তাই দেখা করতে নিষেধ করেছেন’। এমনটাই জানিয়েছেন হবিগঞ্জ শহরের ‘দি ল্যাব-এইড হাসপাতালে’ চিকিৎসক উম্মে কাসমিরা জাহানের সহকারী।
কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের পর ক্ষতস্থানে ইনফেকশন ও পুঁজ জমে জেনি আক্তার (২২) নামে এক গৃহবধূর শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক। ভুক্তভোগী জেনি লাখাই উপজেলার চিকনপুর এলাকার জিসান মিয়ার স্ত্রী।
জেনির বাবা আইকুল মিয়া জানান, গত ১৬ জুন প্রসব বেদনা উঠলে জেনিকে হবিগঞ্জ শহরের ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনি চিকিৎসক ডা. উম্মে কাসমিরা জাহান তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে বাড়ি ফেরার পর থেকেই সিজারের স্থানে তীব্র ক্ষত সৃষ্টি হয়ে পুঁজ জমতে শুরু করে এবং রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
রোগীর অবস্থা বেগতিক দেখে স্বজনরা তাকে পুনরায় ডা. কাসমিরার কাছে নিয়ে আসেন। স্বজনদের অভিযোগ, প্রতিবারই ৮০০ টাকা করে ভিজিট নিয়েও ডা. কেবল ওপর ওপর ড্রেসিং করে রোগীকে বিদায় করে দেন, কোনো স্থায়ী সুচিকিৎসার ব্যবস্থা নেননি।
সর্বশেষ রোববার (২৮ জুন) জেনি আক্তারকে অত্যন্ত যন্ত্রণাদায়ক ও মুমূর্ষু অবস্থায় আবারও ওই চিকিৎসকের চেম্বারে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, এবারও ডা. কাসমিরা পূর্বের মতো ৮০০ টাকা ভিজিট দাবি করেন এবং ভিজিট না দিলে রোগী দেখতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে বাধ্য হয়ে স্বজনরা টাকা পরিশোধ করলে তিনি ক্ষতস্থান পরিষ্কার করে তিনদিন পর আসার নির্দেশ দেন। চিকিৎসকের এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ রোগীর পরিবার।
ভুক্তভোগীর স্বজনদের দাবি, অপারেশনের সময় ব্যাকটেরিয়াযুক্ত ও অস্বাস্থ্যকর যন্ত্রপাতি ব্যবহার করার কারণেই জেনি আক্তারের ক্ষতস্থানে এই ইনফেকশন হয়েছে। চিকিৎসকের চরম গাফিলতি ও অপচিকিৎসার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এদিকে অভিযোগের বিষয়ে ডা. কাসমিরার বক্তব্য জানতে তার চেম্বারে যোগাযোগ করা হলে তার সহকারী জানান, ম্যাডাম কোনো পুরুষের সঙ্গে কথা বলেন না, তাই দেখা করতে নিষেধ করেছেন। ফলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান ভুক্তভোগী গৃহবধূর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাওয়ায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
সময়ের আলো/জোই