ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন। চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই এই তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার চূড়ান্ত পরিকল্পনা করেছেন।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘হোলা’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে রোনালদো ও জর্জিনার জাঁকজমকপূর্ণ এই বিয়ে অনুষ্ঠিত হতে পারে। সিআরসেভেন নিজেই তার বিয়ের সম্ভাব্য সময়ের কথা উল্লেখ করে জানিয়েছেন, বৈশ্বিক এই মহোৎসব শেষ করেই তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান। একই সাথে পর্তুগিজ অধিনায়কের বড় আশা, ক্যারিয়ারের অধরা বিশ্বকাপের সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরেই তিনি বিয়ের মঞ্চে পা রাখবেন।
এর আগে ২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি মূল্যবান হীরার আংটির ছবি প্রকাশ করে তাদের বাগ্দানের খবরটি নিশ্চিত করেছিলেন। আবেগঘন সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জীবনেই।’
ফুটবল মাঠে রোনালদোর আকাশচুম্বী জনপ্রিয়তার পাশাপাশি মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনাও আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয় শো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে বিশ্বজুড়ে তার বিশাল ভক্তকূল রয়েছে।
বর্তমানে কেবল ইনস্টাগ্রামেই জর্জিনাকে অনুসরণ করছেন প্রায় ৭ কোটি ৪০ লাখ মানুষ। দীর্ঘ প্রতীক্ষিত এই বিয়ের সিদ্ধান্তকে নিজেদের জীবনের ‘একটি সুন্দর অধ্যায়’ হিসেবে আখ্যা দিয়ে নতুন পথচলা শুরুর অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন ফুটবল জাদুকর রোনালদো।
সময়ের আলো/জেডি