চাকরি হারাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সাড়ে ৫ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর নতুন পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তামাকজাত পণ্য উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান

2026-06-29T19:05:22+00:00
2026-06-29T19:05:22+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
চাকরি হারাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সাড়ে ৫ হাজার কর্মী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:০৫ পিএম 
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর নতুন পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তামাকজাত পণ্য উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। বিশ্বব্যাপী তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ২০ শতাংশ বা সাড়ে ৫ হাজার কর্মী এই সিদ্ধান্তের কারণে চাকরি হারাচ্ছেন। মূলত ব্যবসায়িক মন্দা কাটিয়ে ব্যয় সংকোচন ও মুনাফা বাড়াতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।

সোমবার (২৯ জুন) কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, সাড়ে ৫ হাজার সরাসরি কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি আরও প্রায় সাড়ে ৩ হাজার পদ অ্যাকসেঞ্চারসহ বিভিন্ন তৃতীয় পক্ষের (আউটসোর্সিং) প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে। ফলে সব মিলিয়ে বিএটির প্রায় ৯ হাজার পদের ওপর এই পুনর্গঠনের প্রভাব পড়বে। তবে কোম্পানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রকে আপাতত এই ছাঁটাই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে।

বিএটি কর্তৃপক্ষ আশা করছে, এই ব্যাপক পরিবর্তনের ফলে ২০২৮ সালের মধ্যে বার্ষিক অতিরিক্ত ৬০ কোটি পাউন্ড (প্রায় ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) খরচ বাঁচানো সম্ভব হবে। এর মধ্যে ২০২৭ সালের মধ্যেই ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে তারা। তবে কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণার পরপরই শেয়ার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ৪৬ দশমিক ৭৩ পাউন্ডে নেমে এসেছে।


এক বিবৃতিতে বিএটির প্রধান নির্বাহী তাদেউ মারোকো বলেন, "এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব আমাদের অনেক সহকর্মীর ওপর পড়বে। এই কঠিন সময়ে আমরা বিদায়ী কর্মীদের প্রতি সর্বোচ্চ যত্ন ও সম্মান প্রদর্শন করে সব ধরনের সহায়তা নিশ্চিত করব।" তিনি আরও যোগ করেন, এই পুনর্গঠনের মাধ্যমে বিএটি আগামী দিনে আরও গতিশীল, ব্যয়-সচেতন এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বিএটির বিক্রি ও মুনাফার গতি বেশ মন্থর হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রেই তারা বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। যদিও গত ফেব্রুয়ারিতেই উৎপাদনশীলতা বাড়াতে কর্মী ছাঁটাইয়ের আভাস দিয়েছিল বিএটি, তবে ছাঁটাইয়ের এই বিপুল পরিমাণ বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকদের কিছুটা চমকে দিয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   চাকরি হারাচ্ছে  ব্রিটিশ আমেরিকান টোব্যাকো  ৫ হাজার  কর্মী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: