বাড়ল করমুক্ত আয়সীমা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বৃদ্ধি, অধিকাংশ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদের বাধ্যবাধকতা প্রত্যাহারসহ একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী যুক্ত করে

2026-06-29T22:52:27+00:00
2026-06-29T22:52:27+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
অর্থনীতি
বাড়ল করমুক্ত আয়সীমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৫২ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বৃদ্ধি, অধিকাংশ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদের বাধ্যবাধকতা প্রত্যাহারসহ একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী যুক্ত করে অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনার সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলটি উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বেশ কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনা হয়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে এ সীমা হবে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হবে। এর আগে যথাক্রমে ৩ লাখ ৭৫ হাজার, ৪ লাখ এবং ৪ লাখ ৫০ হাজার টাকা করমুক্ত আয়সীমার প্রস্তাব ছিল।

এ ছাড়া বিনিয়োগের তথ্য প্রকাশসংক্রান্ত প্রস্তাব, অধিকাংশ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত এবং বণ্টন দলিল (পার্টিশন ডিড) ও নামজারি (মিউটেশন) নিবন্ধনের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে।

সংশোধিত বিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর হার বিদ্যমান ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে।

এদিকে আমদানি করা চিংড়ির খাদ্য, প্রোবায়োটিক, ভিটামিন, খনিজ, অন্যান্য প্রয়োজনীয় উপকরণ এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির ওপর শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক-সুবিধা বাড়ানো এবং ওষুধ ও অন্যান্য উৎপাদন শিল্পে ব্যবহৃত আমদানি করা মধুর ওপর বিদ্যমান ১০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবও রাখা হয়েছে।


এ ছাড়া অপরিশোধিত কাজুবাদামের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সরবরাহকারী পর্যায়ে সব ধরনের মাছের সরবরাহে পূর্ণ ভ্যাট অব্যাহতির পাশাপাশি দেশীয় মোটরগাড়ি শিল্পকে উৎসাহ দিতে স্থানীয়ভাবে উৎপাদিত ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাসের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশোধিত অর্থ বিলে সোনা, প্লাটিনাম ও হীরার গহনার ওপর ভ্যাট ২ হাজার ৫০০ টাকা এবং রুপার গহনার ওপর ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে ডিজিটাল বিজ্ঞাপনে আনুষ্ঠানিক অর্থপ্রদানের চ্যানেল ব্যবহারে উৎসাহ দিতে সামাজিক যোগাযোগমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন, অনলাইন মার্কেটপ্লেসসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও বিলটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   কর  আয়সীমা  বাজেট  সরকার 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: