রাজধানীতে পুরোহিতকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর ওয়ারী-নারিন্দা এলাকা থেকে এক পুরোহিতকে অপহরণ করে নির্যাতনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত সুভাষ দেউরী (২৭) বর্তমানে

2026-06-30T17:46:31+00:00
2026-06-30T17:46:31+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সারাদেশ
রাজধানীতে পুরোহিতকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ওয়ারী-নারিন্দা এলাকা থেকে এক পুরোহিতকে অপহরণ করে নির্যাতনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত সুভাষ দেউরী (২৭) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার রাত ৮টার দিকে ওয়ারীর স্বামীবাগ এলাকা থেকে তিনি অপহৃত হন বলে অভিযোগ। পরে মঙ্গলবার সকালে কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে রুমমেটের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সুভাষ দেউরী পুরান ঢাকার সেন্ট্রাল ল’ কলেজের প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরের সহকারী পুরোহিত। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। তার বাবার নাম শ্যামল দেউরী। তিনি ওয়ারীর নারিন্দা রোডে অগ্রণী ব্যাংকের পাশের একটি বাসায় মেসে থাকেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুভাষ জানান, কোনো কিছু ভালো না লাগলে তিনি একা একা বাইরে হাঁটতে বের হন। সোমবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে রিকশায় স্বামীবাগে যান। এরপর কী ঘটেছে, তা তার মনে নেই।

তিনি বলেন, মাইগ্রেনের সমস্যার পর থেকে অনেক কিছু দীর্ঘ সময় মনে থাকে না। রাতে তার জ্ঞান ফেরার পর দেখেন, একটি মেস বাসার ভেতরে তাকে আটকে রাখা হয়েছে। সেখানে ৭ থেকে ৮ জন যুবক ছিল, যাদের দেখে তার মাদকাসক্ত বলে মনে হয়েছে। তাদের কয়েকজন ইয়াবাও সেবন করছিল। তারা তাকে মারধর করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে নেয়। পরে মোবাইলের বার্তা দেখে তার ব্যাংক হিসাবে ১ লাখ ৩৬ হাজার টাকা রয়েছে জানতে পারে। সেখান থেকে ৩০ হাজার টাকা তুলে দিতে চাপ দেওয়া হয়। তবে মোবাইলে ব্যাংকের অ্যাপ কিংবা সঙ্গে চেকবই না থাকায় তারা টাকা তুলতে পারেনি। পরে রুমমেটকে ফোন করিয়ে বিকাশের মাধ্যমে ৬ হাজার টাকা এবং বোনকে ফোন করিয়ে আরও ২০ হাজার টাকা নেয় বলে অভিযোগ করেন তিনি।


সুভাষ আরও বলেন, তিনি অপহরণকারীদের নিজের পরিচয় গোপন রেখে নিজেকে দিনমজুর হিসেবে পরিচয় দেন। তবে গলায় থাকা হিন্দু ধর্মীয় মালা দেখে তারা তিনি হিন্দু-এটি বুঝতে পারে। তিনি যে মন্দিরের পুরোহিত, সেটি জানাননি। এরপর সারারাত তাকে নির্যাতন করা হয়। তাকে হত্যার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আরও টাকা জোগাড় করতে বলা হয়। একপর্যায়ে তিনি পালানোর পরিকল্পনা করেন। কৌশলে অপহরণকারীদের তাকে ছাদে নিয়ে যেতে বলেন। পরে সেখান থেকে কীভাবে নিচে পড়েছেন, নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। পরে দেখেন, একজন তাকে রিকশায় তুলে দিচ্ছেন।

রিকশায় করে তিনি নারিন্দায় তার বাসার সামনে পৌঁছে রুমমেটকে খবর দেন। পরে রুমমেট তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার কপালে কাটা জখম রয়েছে। এছাড়া বাম পায়ের গোড়ালি ভেঙে গেছে এবং ডান পায়ের গোড়ালিতেও আঘাত পেয়েছেন।

সুভাষের ধারণা, অভিযুক্তরা নিয়মিতই রাস্তা থেকে মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় বা টাকা-পয়সা হাতিয়ে নেয়। তবে তাদের কাউকেই তিনি আগে কখনও দেখেননি বা চিনতেন না বলে দাবি করেন।

এ বিষয়ে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ভুক্তভোগী সুভাষ দেউরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরের সহকারী পুরোহিত। তার দাবি অনুযায়ী, সোমবার রাতে তিনি স্বামীবাগের একটি ইসকন মন্দিরে যান। সেখানে প্রবেশের পর কয়েকজন তাকে একটি বাসায় নিয়ে যায়। পরে ভোরে তিনি ওই বাসার কোনো একটি স্থান থেকে লাফ দিয়ে নিজেই পালিয়ে আসেন। লাফিয়ে পড়ার কারণে তিনি কিছুটা আহত হয়েছেন।

ওসি আরও বলেন, ঘটনাস্থলটি মূলত গেন্ডারিয়া থানার আওতাভুক্ত। তবে বিষয়টি ওয়ারী থানা পুলিশও তদন্ত করছে। এছাড়া সুভাষের আগে থেকেই কিছু স্মৃতিজনিত সমস্যা রয়েছে। ফলে তিনি ঘটনার বিস্তারিত স্পষ্টভাবে বলতে পারছেন না। এরপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   রাজধানী  ওয়ারী  নারিন্দা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: