ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘অভিশাপ’ দিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনায় আসা ঘানার সেই বিতর্কিত ওঝা নানা কোয়াকু বনসাম এবার ফুটবল বিশ্বে নতুন এক বোম ফাটিয়েছেন। তাঁর নতুন দাবি, চলতি বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন এই ঘানাইয়ান ওঝা। সে সময় তিনি বলেছিলেন, তিনি কেইনের বড় কোনো ইনজুরি চান না, তবে নিজ দেশ ঘানাকে জেতাতে কেইনকে মাঠে আটকে রাখার জন্য যতটুকু জাদুটোনা দরকার, ঠিক ততটুকুই করবেন। কাকতালীয়ভাবে সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল এবং চলমান বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার কেবল ওই একটি ম্যাচেই গোল করতে ব্যর্থ হন।
ম্যাচ শেষে নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা দাবি করে বনসাম বলেছিলেন, তিনি কেইনকে অভিশাপমুক্ত করে দিচ্ছেন যাতে পরের ম্যাচে গোল পান। তাঁর সেই কথা মিলেও যায় এবং পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে ঠিকই গোল করেন কেইন। কেইনের ওপর জাদুর কার্যকারিতা প্রমাণের পর এবার লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনার দিকে নজর দিয়েছেন তিনি।
আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামিতে নকআউট পর্বের (রাউন্ড অব থার্টি টু) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। গ্রুপ পর্বের সবকটি ম্যাচে সহজ জয় পেয়ে উড়তে থাকা আর্জেন্টিনা এই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বলে সাফ জানিয়ে দিয়েছেন এই ওঝা। তিনি নিশ্চিত করে বলেছেন, শেষ ৩২-এর এই ম্যাচেই কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা এখন পর্যন্ত মোট সাতবার আফ্রিকার দলগুলোর মুখোমুখি হয়েছে। তবে বিশ্বকাপের নকআউট বা বিদায়মঞ্চে আফ্রিকার কোনো দলের বিপক্ষে এটাই হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ। পূর্বের সাত ম্যাচের ইতিহাস অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে, যার মধ্যে ছয়টিতেই জিতেছে তারা (পাঁচবার নাইজেরিয়া ও একবার আইভরিকোস্টের বিপক্ষে)।
আফ্রিকার কোনো দলের কাছে তাদের একমাত্র পরাজয়টি এসেছিল ১৯৯০ সালের বিশ্বকাপে, ক্যামেরুনের বিপক্ষে। এখন দেখার বিষয়, ঘানার ওঝার এই নতুন ভবিষ্যদ্বাণী মাঠে কতটা সত্যি প্রমাণিত হয়।
সময়েরর আলো/জেডি