ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর প্রার্থিতা সর্বোচ্চ আদালত থেকে বাতিল হওয়ার পর সীতাকুণ্ডে তীব্র উত্তেজনা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। রায়ের প্রতিবাদে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে আকস্মিক অবরোধ করলে দীর্ঘ ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রায়ের খবর ছড়িয়ে পড়লে সীতাকুণ্ডের সিটি গেট থেকে বড় দারোগারহাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে বিএনপির নেতাকর্মী ও আসলাম চৌধুরীর অনুসারীরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন। এতে দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা প্রদানকারী যানবাহনগুলো দীর্ঘসময় অবরুদ্ধ হয়ে থাকায় চরম মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম এবং ওসি মো. মহিনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। প্রশাসনের কঠোর নির্দেশনায় বিকেল ৫টার দিকে অবরোধকারীরা রাস্তা থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কের গাছগুলো অপসারণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের দীর্ঘ সময় হিমশিম খেতে হয়েছে।
সড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছালামত উল্লাহ বলেন, আমাদের নেতা লায়ন আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে জেল খাটছেন এবং জনগণের জন্য কাজ করেছেন। ষড়্যন্ত্রকারীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন জানান, সড়ক অবরোধের কোনো পূর্বঘোষণা ছিল না। এটি ছিল নেতাকর্মীদের আবেগতাড়িত স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। তিনি আরও জানান, আসলাম চৌধুরী নিজেই সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং জনগণ যেন কোনো প্রকার কষ্ট না পান, সেজন্য নেতাকর্মীদের বারবার নিষেধ করেছেন।
আসলাম চৌধুরী বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে রাজনীতিবিদদের একটু মন খারাপ তো হবেই। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আমরা রিভিউ আবেদন করব। আশা করি, চূড়ান্ত বিজয় আমাদেরই হবে। তিনি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
যদিও বর্তমানে সীতাকুণ্ডে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে রায়ের পরবর্তী ধাপ নিয়ে এলাকায় চলছে জল্পনা-কল্পনা। আইনজ্ঞদের মতে, আসলাম চৌধুরী এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করার সুযোগ পাবেন। এদিকে নির্বাচন কমিশন পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এই আসনে উপ-নির্বাচন কিংবা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আপাতত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
সময়ের আলো/জোই