একটি ব্যবসা প্রতিষ্ঠানে (দোকান) চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে খালের কচুরিপানার মধ্যে সাড়ে তিনঘন্টা নাক বের করে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি এক চোরের। গ্রামবাসী অবশেষে খালের কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকা চোরকে উদ্ধার করে আটক করেছে। আটক সুজন হাওলাদার (৩২) পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের বাসীন্দা।
বুধবার (১ জুলাই) সকালে মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামের বাসিন্দা সজিব হাওলাদার জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে চুরি করতে ঢুকে এক চোর। দোকানের মালামাল চুরি করার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার শুরু করে। একপর্যায়ে পালিয়ে বাঁচতে দোকানের পাশে খালের কচুরিপানার মধ্যে ঝাপ দেয় ওই চোর। পরবর্তীতে সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে বুধবার (পহেলা জুলাই) ভোর সাড়ে ছয়টার দিকে কচুরিপানার মধ্যে নাক বের করা অবস্থায় চোরকে আটক করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে চোর অসুস্থ হয়ে পড়েছে। তাই তার চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্য ও তার (সুজন) বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, এ বিষয়ে এখনও কেউ থানা পুলিশকে অবগত করেননি। চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই