ব্রাজিলে একটি জনপ্রিয় পাহাড়ি ভিউপয়েন্টে ছবি তোলার কয়েক মুহূর্তের মধ্যেই প্রায় ৫০০ ফুট নিচে গভীর খাদে পড়ে এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিহত ব্যক্তি ৪৪ বছর বয়সী কাইও রোচা আগুইয়ার আরাবাল। রোববার (১ জুলাই) রিও ডি জেনেইরোর কাছাকাছি মারিকা শহরের পেদ্রা দো মাকাকো ট্রেইলের চূড়ায় অবস্থিত একটি উন্মুক্ত পাথরের ওপর উঠে ছবি তুলেছিলেন তিনি। লেগুনের মনোরম দৃশ্য দেখার জন্য স্থানটি পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও, এটি ঝুঁকিপূর্ণ হিসেবেও পরিচিত।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবি তোলার পর নিচে নামার সময় তিনি ভুল দিক দিয়ে নামার চেষ্টা করেন। ওই সময় আরেকজন পর্বতারোহী ভিডিও ধারণ করছিলেন। ভিডিওতে তাকে সতর্ক করে "সাবধানে" বলতে শোনা যায়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ভারসাম্য হারিয়ে প্রায় ১৫২ মিটার (প্রায় ৫০০ ফুট) নিচে পড়ে যান। ঘটনাটি এবং প্রত্যক্ষদর্শীর আতঙ্কিত চিৎকার ভিডিওতে ধরা পড়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, আরাবাল একটি দলের গাইড হিসেবে কাজ করলেও তার আনুষ্ঠানিক লাইসেন্স ছিল না। ধারণা করা হচ্ছে, খাড়া ও অনিরাপদ দিক দিয়ে নামতে গিয়েই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
দুর্ঘটনার পর মারিকা সিভিল ডিফেন্স ও দমকল বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দুর্গম পাহাড়ি এলাকা এবং ঘন বনভূমির কারণে উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে পড়ে। দড়ি ও হেলিকপ্টারের সহায়তায় প্রায় চার ঘণ্টার অভিযানের পর তার মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসকরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, পেদ্রা দো মাকাকো ট্রেইলটি তুলনামূলকভাবে ছোট হলেও এর চূড়ার উন্মুক্ত পাথুরে অংশে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ এই ঘটনার পর আবারও পর্যটকদের সতর্ক করে কর্তৃপক্ষ জানিয়েছে, আকর্ষণীয় ছবি তোলার জন্য ঝুঁকিপূর্ণ স্থানে ওঠা প্রাণঘাতী হতে পারে।
সূত্র : এনডিটিভি
সময়ের আলো/ইউএমএইচ