প্লেব্যাকে ফিরল ন্যান্সি-ইমরান জুটি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আবারও একসঙ্গে গাইলেন দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। ‘শিকার’ সিনেমায় একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা।

2026-07-02T02:31:50+00:00
2026-07-02T02:31:50+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আনন্দ সময়
প্লেব্যাকে ফিরল ন্যান্সি-ইমরান জুটি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩১ এএম 
দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। ছবি : সংগৃহীত
আবারও একসঙ্গে গাইলেন দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। ‘শিকার’ সিনেমায় একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের রোমান্টিক গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’
ন্যান্সির সঙ্গে নতুন গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি। তার সঙ্গে দ্বৈত গান মানেই আমার জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত।’

এর আগে ন্যান্সি ও ইমরান বেশ কিছু জনপ্রিয় দ্বৈত গান উপহার দিয়েছেন। তাদের কণ্ঠের রসায়ন শ্রোতামহলে বরাবরই প্রশংসিত। দীর্ঘদিন পর বড়পর্দার গানে তাদের এই পুনর্মিলন চলচ্চিত্র ও সংগীতপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। ন্যান্সি ও ইমরানের কণ্ঠের গানটিতে ঠোঁট মেলাবেন তারা। সিনেমায় আরও অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকে। থ্রিলারধর্মী এ সিনেমার পুরো শুটিং হবে নেপালে। এ সপ্তাহেই শুটিংয়ের জন্য দেশটিতে যাচ্ছেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।

পরিচালক রোমান বলেন, বাংলাদেশের বর্ডারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে শিকার। গল্পই হচ্ছে সিনেমার হিরো। আর গল্পের প্রয়োজনেই অপু বিশ্বাস ও পলাশকে জুটি করেছি। অপু বিশ্বাস সবসময় প্রেমের গল্পে কাজ করলেও এই গল্পে তা নেই। একেবারে থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে শিকার। 

এ সপ্তাহে সিনেমাটির শুটিংয়ে নেপাল যাব। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। আশা করছি দর্শক নতুন কিছু পেতে যাচ্ছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   প্লেব্যাক  ন্যান্সি  ইমরান  জুটি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: