কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর আবারও আলোচনায় বসবে উভয়পক্ষ।
বুধবার (১ জুলাই) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, ‘কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আজ দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক শেষ করেছেন। ইসলামাবাদ সমঝোতা স্মারক এবং লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’
তিনি আরও জানান, উভয় পক্ষ আগামী সময়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হন। শুক্রবার (৩ জুলাই) তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/কেএইচও