রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের তৈরি-পোশাক শিল্পের (আরএমজি) কর্মীদের জন্য ডিজিটাল সংযোগ ও টেলিযোগাযোগ সেবার পরিধি বাড়াতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণফোন এবং গার্মেন্ট-কেন্দ্রিক রিটেল নেটওয়ার্ক আপন বাজার।
দুই প্রতিষ্ঠানের চুক্তির আওতায়, এখন থেকে আপন বাজার গ্রামীণফোনের একটি ডিসট্রিবিউশন পার্টনার; আপন বাজারের আউটলেটগুলোতে একটি শপ-ইন-শপ রিটেল মডেল চালু করেছে গ্রামীণফোন। এই সহযোগিতার ফলে তৈরি পোশাক শিল্পের কর্মীদের কাছে গ্রামীণফোনের পণ্য ও সেবা আরো সহজলভ্য হবে। এই বিশালসংখ্যক কর্মীদের মধ্যে ক্রমশ ডিজিটাল চাহিদা বাড়লেও তারা সুবিধাবঞ্চিত ছিল।
আপন বাজারের আউটলেটগুলোতে সিম অ্যাক্টিভেশন, সিম রিপ্লেসমেন্ট, স্ক্র্যাচ কার্ডস, ডাটা প্যাকস, ভয়েস বান্ডেলস ও কম্বো প্যাকসহ গ্রামীণফোনের বেশ কিছু অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
সম্প্রতি গ্রামীণফোনের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং আপন বাজারের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ সম্প্রতি জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, আপন বাজারের সাথে পার্টনারশিপের মাধ্যমে আমাদের পণ্য ও সেবাগুলো তৈরি-পোশাক শিল্পের কর্মীদের আরো কাছাকাছি নিয়ে এসেছি। এখন তারা যেখান থেকে নিত্যপণ্য কেনাকাটা করেন সেখানেই টেলিযোগাযোগের সেবাগুলো পেয়ে যাবেন।
আপন বাজারের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ বলেন, আমরা বিশ্বাস করি ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এখন আর কোন বাড়তি সুবিধা নয়, বরং আর্থিক ক্ষমতায়নের পূর্বশর্ত। শিল্পখাতের কর্মীদের কাছে সাশ্রয়ী সংযোগ, ডিজিটাল সেবা এবং প্রয়োজনীয় টেলিযোগাযোগ পণ্যগুলো আরো সহজলভ্য করে ডিজিটাল বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে, গ্রামীণফোনের সাথে আমাদের এই পার্টনারশিপটি করা হয়েছে।
সময়ের আলো/জেডআই