বিদেশ থেকে ফেরার পর নিষিদ্ধ সংগঠন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে জুমার নামেজের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। নাছির মোড়লের ব্যক্তিগত ফেসবুক আইডিসহ কয়েকজন নেতাকর্মীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৩ মিনিট ২৩ সেকেন্ডের একটি লাইভ ভিডিও সম্প্রচার করা হয়।
লাইভ ভিডিওতে দেখা যায়, মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল— ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তুমি কে, আমি কে— বাঙালি, বাঙালি’, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’ ইত্যাদি।
মিছিল শেষে অংশগ্রহণকারীদের মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত পথসভায় নাছির মোড়ল বলেন, আজ গাজীপুরের মাটিতে উপস্থিত হয়ে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসা আমি সারা জীবন মনে রাখব।
তিনি আরও বলেন, গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে, সেটা শেখ হাসিনার আইন। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমি শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের কর্মী। বাংলাদেশে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন, ততদিন আমি আপনাদের পাশে আছি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ‘জয় বাংলার’ বিজয় নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
বক্তব্যের শেষদিকে তিনি উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেন।
মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, নাছির মোড়ল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে তাকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করতে দেখা যায়। সম্প্রতি দেশে ফেরার পরই তিনি এই মিছিলে অংশ নেন।
সময়ের আলো/আআ