বরগুনার তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি-২০০০ ব্যাচের আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অনুশীলনের সময় হঠাৎ স্ট্রোক করে খোকন কর্মকার (৪০) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে খেলা শুরুর আগে ওয়ার্ম-আপ ও অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে উপস্থিত সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খোকন কর্মকার (৪০) উপজেলার মালিপাড়া এলাকার বাসিন্দা এবং দিলীপ কর্মকারের ছেলে। ঘটনার আকস্মিকতায় মাঠে উপস্থিত খেলোয়াড়, সমর্থক ও আয়োজকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নির্ধারিত প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়।
এইচএসসি ২০০০ ব্যাচের সদস্য ও আয়োজকদের একজন বলেন, খোকন আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। সবাই মিলে আনন্দঘন পরিবেশে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম। কিন্তু এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
আরেক বন্ধু জানান, খেলার আগে সবাই একসঙ্গে অনুশীলন করছিলাম। হঠাৎ করেই খোকন অসুস্থ হয়ে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।
এ বিষয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী দাস সানী জানান, হাসপাতালে আনার আগেই খোকন কর্মকারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
সময়ের আলো/আআ