চট্টগ্রামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলায় জেতার পর গোলবারে ঝুলে জয় উদযাপন করতে গিয়ে মাহিদুল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মাহিদুল পটুয়াখালীর বাউফল থানার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি, থাকতেন নগরীর কলসি দীঘির পাড় এলাকায় ভগ্নিপতির বাসায়।
মাহিদুলের খালাত ভাই মোহাম্মদ মনির বলেন, শুক্রবার সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে বেগমজান স্কুল মাঠে গিয়েছিল মাহিদুল। সেখানে দুর্ঘটনাবশত লোহার গোলবার ভেঙে তার গায়ের উপর পড়ে। বারের আঘাতে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা মরদেহ মাঠ থেকে নিউমুরিং এলাকায় এসেছি। এখানে গোসল শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে গ্রামের বাড়িতে তার দাফন করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বন্ধুদের সঙ্গে বেগমজান বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলায় জেতার পর আনন্দে গোলবারে ধরে ঝুলছিলেন। হঠাৎ গোলবার খুলে পড়লে তাতে চাপা পড়েন মাহিদুল। তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, সকালে মাহিদুলকে জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সময়ের আলো/আআ